logo

ইসির সংলাপে আমন্ত্রণ পেয়েও গেল না জাপা

ইসির সংলাপে আমন্ত্রণ পেয়েও গেল না জাপা
ছবি: এশিয়া পোস্ট কোলাজ

চব্বিশের গণ-অভ্যুত্থানে সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের পুরো সময়ে নির্বাচন কমিশনের (ইসি) কোনো সংলাপে আমন্ত্রণ পায়নি জাতীয় পার্টি (জাপা)। রাজনৈতিক নানা চাপ ও বিতর্কের মধ্যে থাকা দলটিকে এবার স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সংলাপে ডেকেছিল ইসি। তবে আমন্ত্রণ পেলেও সংলাপে অংশ নেয়নি দলটি। বরং বর্তমান নির্বাচন কমিশনের অধীনে অর্থপূর্ণ সংলাপের পরিবেশ নেই বলে দাবি করেছে জাপা।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। রোববার (২৯ নভেম্বর) সকালে প্রথম দিনের আলোচনায় অংশ নিতে ১৮টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়। সেই তালিকায় ছিল জাতীয় পার্টির নামও। তবে দলটির কোনো প্রতিনিধি সংলাপে যোগ দেননি।

Advertisement

এ বিষয়ে জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মাহবুব আলম জানান, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সংলাপে অংশ নেওয়াকে অর্থপূর্ণ মনে করছে না দলটি। এ কারণে আলোচনায় তারা অংশ নেয়নি।

দলটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন পরিচালনার সক্ষমতা বর্তমান নির্বাচন কমিশনের নেই বলে মনে করে জাতীয় পার্টি। একই সঙ্গে দেশে চলমান অস্থিরতা, রাজনৈতিক সংঘাত, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দলীয়করণের রাজনীতির কারণে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশও নেই।

বিবৃতিতে আরও বলা হয়, স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে কি না, তা নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত জানাচ্ছে না দলটি। পরবর্তী সময়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে জাতীয় পার্টিকে ঘিরে নানা আলোচনা ও বিতর্ক তৈরি হয়। জুলাই গণ-অভ্যুত্থানের পর দলটির রাজনৈতিক অবস্থান এবং আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা হয়। আগুনে পুড়িয়ে দেওয়া হয় জাতীয় পার্টির প্রধান কার্যালয়। দেশের বিভিন্ন স্থানেও হয়রানি বাধার মুখে পড়েন দলটির নেতাকর্মীরা।

অন্তর্বর্তী সরকারের সময় নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন আলোচনা ও সংলাপ হলেও জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হয়নি। সেই সময় ইসির সংলাপে ডাক না পাওয়া দলটি এবার আমন্ত্রণ পেয়েছে। তবে আমন্ত্রণ পাওয়ার পরও সংলাপ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি।

জাতীয় পার্টির বিবৃতি।
জাতীয় পার্টির বিবৃতি।

ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম দিনের সংলাপে জাতীয় পার্টি ছাড়াও কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয় পার্টি (জেপি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাকের পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণফোরামের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছে নির্বাচন কমিশন।

প্রথম দিনের সংলাপে বিএনপি, জামায়াতে ইসলামী, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও খেলাফত আন্দোলনেরও অংশ নেওয়ার কথা ছিল। তবে দলগুলো পরবর্তী সময়ে সংলাপে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গেছে।

বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি। তবে কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। এ কারণে দলটিকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি। এ ছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরীকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও আমন্ত্রণ জানায়নি কমিশন।