logo

স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার চেয়ে হাইকোর্টে রিট

স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার চেয়ে হাইকোর্টে রিট
রোববার দুপুরে রিট আবেদন শেষে কথা বলেন আইনজীবী শিশির মনির। ছবি: ভিডিও থেকে নেওয়া

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়ে হাইকোর্টে রিট করেছেন আইনজীবী শিশির মনির।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে তিনি এ রিট আবেদন দায়ের করেন।

Advertisement

রিট আবেদনে প্রবাসীদের ভোটদানের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) বর্তমান নিষ্ক্রিয়তার ব্যাখ্যা চাওয়ার পাশাপাশি কমিশন কী কী পদক্ষেপ নিয়েছে, তা জানিয়ে আদালতে একটি প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে।

শিশির মনির বলেন, জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের জন্য ইতোমধ্যে পোস্টাল ব্যালট ব্যবস্থা চালু করা হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে জাতীয় নির্বাচন উপলক্ষে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার তালিকায় নাম নিবন্ধন করেছেন। তাদের উল্লেখযোগ্য একটি অংশ ভোটাধিকারও প্রয়োগ করেছেন। ফলে বিদেশে অবস্থান করেও ভোট দেওয়ার একটি কার্যকর ব্যবস্থা যে রয়েছে, তা জানিয়ে নির্বাচনের অভিজ্ঞতায় প্রমাণিত হয়েছে।

তিনি জানান, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২-এর সংশ্লিষ্ট বিধান সংশোধন করে ২০২৫ সালের ৩১ মার্চ একটি সংশোধনী আনা হয়। এর ভিত্তিতে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা চালু করা হয়। পরবর্তী সময়ে নির্বাচন কমিশন সচিবালয় ২০২৫ সালের ২০ আগস্ট ও ১৮ নভেম্বর দুটি পরিপত্র জারি করে। এসব পরিপত্রের ভিত্তিতেই জাতীয় নির্বাচনে প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

তিনি বলেন, জাতীয় নির্বাচনে ব্যবহৃত প্রযুক্তির সঙ্গে সামান্য কিছু প্রযুক্তি সংযোজন করলেই স্থানীয় নির্বাচনেও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব। তা সত্ত্বেও নির্বাচন কমিশন কেন কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না, তা জানতেই এই রিট দায়ের করা হয়েছে।

শিশির মনির বলেন, বিষয়টি নিয়ে আমরা একাধিকবার নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করেছি। এ বিষয়ে কয়েক দফা চিঠি দেওয়ার পাশাপাশি আনুষ্ঠানিক আবেদনও করা হয়েছে। এমনকি নির্বাচন কমিশনকে আইনি নোটিশ পাঠানো হলেও এখন পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি। নির্বাচন কমিশন এ বিষয়ে এখনো নির্বাক চলচ্চিত্রের ভূমিকায় রয়েছে।