পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বিশেষ কোনো দিকে ঝুঁকে না পড়ার আহ্বান ওয়ার্কার্স পার্টির

পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বিশেষ কোনো দিকে ঝুঁকে না পড়ার আহ্বান জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দলটির নেতৃবৃন্দ বলেছেন, বাংলাদেশের কোনো রাজনৈতিক বা সামরিক জোটে জড়িয়ে পড়া ঠিক হবে না।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভার দ্বিতীয় দিনে রাজনৈতিক অধিবেশন শেষে গৃহীত প্রস্তাবে তিনি এসব কথা বলেন।
প্রস্তাবে বলা হয়, বাংলাদেশকে আবশ্যিকভাবে তার সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ ও জাতীয় নিরাপত্তার স্বার্থে স্বাধীন জোট নিরপেক্ষ ভূমিকা বজায় রাখা প্রয়োজন। বাংলাদেশ কোনোভাবেই রাজনৈতিক বা সামরিক জোটে জড়িয়ে পড়তে পারে না, যা বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকিকেই কেবল বাড়িয়ে তুলবে। প্রস্তাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিসহ অতীতে বিভিন্ন দেশের সঙ্গে স্বাক্ষরিত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ চুক্তিসমূহ সংসদে আলোচনা করে অসম ও অন্যায্য চুক্তি থেকে বেরিয়ে আসার আহ্বান জানানো হয়।
রাজনৈতিক প্রস্তাবে রাঙামাটির সাজেক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, পার্বত্য ৩ জেলায় সশস্ত্র সহিংসতা ও অস্থিতিশীলতা থেকে বেরিয়ে এসে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে এর স্থায়ী রাজনৈতিক সমাধান প্রয়োজন।
প্রস্তাবে বলা হয়, এ সংকটের যে সামরিক সমাধান নেই গত কয়েক দশকের অভিজ্ঞতা তা প্রমাণ করেছে। প্রস্তাবে সংকট উত্তরণে পার্বত্য জেলাসমূহের সব পক্ষকে যুক্ত করে দ্রুত কার্যকরী রাজনৈতিক উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
পৃথক এক প্রস্তাবে সৌদি আরবসহ প্রবাসে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের জীবন ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়।
এতে বলা হয়, বিদেশে বাংলাদেশের লাখ লাখ শ্রমিকরা এক চরম অনিরাপদ ভয়ংকর পরিবেশে কাজ করে আসছে। এর মধ্যে নারী শ্রমিকদের জীবন ও সম্ভ্রম আরও অনিরাপদ। সম্প্রতি সৌদি আরবে বাংলাদেশের দুই নাগরিকের মৃত্যুদণ্ড, সাত হাজার বাংলাদেশিদের গ্রেপ্তারের ঘটনা এক মারাত্মক পরিস্থিতি তৈরি করেছে। প্রস্তাবে এ অনিরাপদ ও ভয়ংকর পরিস্থিতি অবসানে সরকার দ্রুত কার্যকরী রাজনৈতিক ও কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক মাহমুদ হোসেন, রাশিদা বেগম, অ্যাডভোকেট মাহবুবুল করিম টিপু, সজীব সরকার রতন, সাইফুল ইসলাম, মাসুদুর রহমান মাসুদ, স্নিগ্ধা সুলতানা ইভা, সাইফুর রেজা মামুন, মীর রেজাউল আলম, ফিরোজ আলী,আওয়াল মাহমুদ, জামাল সিকদার, আবুল কালাম আজাদ, আইয়ুব আলী, মোহাম্মদ স্বাধীন মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।



