স্থানীয় নির্বাচনে ঘুরে দাঁড়াতে চায় ইসলামী আন্দোলন, টার্গেট তিন অঞ্চল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৯ আসনে প্রার্থী দিয়ে একটিতে জয় পায় ইসলামী আন্দোলন। এমন ভরাডুবির পর আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ঘুরে দাঁড়াতে চায় দলটি। দলের নেতারা বলছেন, ওই নির্বাচনে ভোটারদের কাছে টানার ক্ষেত্রে তাদের কিছু দুর্বলতা ছিল। এবার সেই দুর্বলতা কাটিয়ে উঠতে চান তারা। এ ক্ষেত্রে বিশেষ করে তিনটি অঞ্চলকে টার্গেট করা হচ্ছে।
ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব শেখ ফজলুল করীম মারুফ এশিয়া পোস্টকে বলেন, ‘দলীয় অবস্থানকে শক্তিশালী করার পাশাপাশি ভোটের পরিমাণ বাড়াতে চাই। কিছু কিছু অঞ্চলে আমাদের প্রার্থীদের বিজয়ী করে আনতে চাই। বিশেষ করে বরিশাল অঞ্চল, খুলনা বিভাগ, কুড়িগ্রাম, উত্তরাঞ্চলের কিছু জায়গায় ও লক্ষ্মীপুরে ভালো করার আশা রাখি।’
দলের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সবকটি সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নেবে ইসলামী আন্দোলন। এরই মধ্যে ঢাকার দুই সিটিতে প্রার্থী ঘোষণা করা হয়েছে। অনেক ইউনিয়নেও মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। দলীয় সবুজ সংকেত পেয়ে দেশের বিভিন্ন স্থানে সভা-সমাবেশ ও উঠান বৈঠকের মাধ্যমে প্রচারে নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা।
এখনও মনোনয়ন চূড়ান্ত না হওয়া সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। নির্বাচনের প্রস্তুতি হিসেবে গত জুনে সব জেলায় কমিটি নবায়ন করা হয়েছে, যা আগামী ডিসেম্বরে হওয়ার কথা ছিল।
এরই মধ্যে ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে ইসলামী আন্দোলন। ঢাকা দক্ষিণে দলের সহকারী মহাসচিব ও ঢাকা দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ এবং উত্তরে ইসলামী যুব আন্দোলনের সভাপতি আতিকুর রহমানের নাম ঘোষণা করা হয়েছে।
শেখ ফজলুল করীম মারুফ ও আতিকুর রহমান দুজনই ওয়ার্ডগুলোতে দলের কমিটি পুনর্গঠন, উঠান বৈঠকসহ নানা কর্মসূচি পালন করছেন। তবে এখনও ঢাকার দুই সিটিতে কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি। দলের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম ডিসেম্বরে দুই সিটির কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণার কথা রয়েছে।
ইসলামী আন্দোলনের নেতারা জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সব জায়গায় প্রার্থী দেবেন তারা। ইতিমধ্যেই বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। পটুয়াখালী ও বরগুনার সব ইউনিয়নে প্রার্থী ঘোষণা করা হয়েছে। ইউপিতে সদস্য পদে সব জায়গায় প্রার্থী না দিলেও সিটির সব ওয়ার্ডেই প্রার্থী দেবে দলটি। উপজেলা নির্বাচনেও অংশ নেবেন দলীয় প্রার্থীরা।
নিষিদ্ধ আওয়ামী লীগের অপরাধীদের বিষয়ে কোনো ছাড় না দিলেও তাদের নিরপরাধ কর্মী-সমর্থকদের ভোট প্রত্যাশা করে ইসলামী আন্দোলন। দলের সহকারী মহাসচিব ও ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী শেখ ফজলুল করীম মারুফ এশিয়া পোস্টকে বলেন, ‘আওয়ামী লীগের ভোট বলে কিছু নেই। তারা বাংলাদেশের নাগরিক। ভোটাররা ভোট দেবেন। তাদের ভোট টানতে আমরা চেষ্টা করব। কিন্তু দল হিসেবে তাদের সঙ্গে কথাবার্তা বলা বা বসা হবে না।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ দুই রকম। তাদের অপরাধী নেতাকর্মীদের বিচার নিশ্চিত করতে হবে। এটা আমরা শুরু থেকে চেয়ে আসছি। কিন্তু নিরপরাধদের ভোট পাওয়া, নাগরিক হিসেবে তাদের ভালো থাকা তো সমস্যাজনক নয়। এটা রাষ্ট্রেরও দায়িত্ব। আমরা নাগরিকদের ভোট চাই।’
স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক না থাকাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ইসলামী আন্দোলনের নেতারা। তারা বলছেন, তাদের রাজনীতি ব্যক্তিকেন্দ্রিক নয়। ফলে দলীয় প্রতীকের বাইরে তাদের এখন আলাদা করে প্রার্থীকে সাধারণ ভোটারদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে। তবে এর সুফলও রয়েছে। প্রতীক না থাকায় নির্বাচনটা সরাসরি সরকারের বিরুদ্ধে করতে হয় না।
শেখ ফজলুল করীম মারুফ বলেন, ‘সরকারের বিরুদ্ধে নির্বাচন করা কঠিন। সরকারদলীয় প্রতীক ধানের শীষ না থাকায় আমরা বেশ আশাবাদী। স্থানীয় নির্বাচনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা আছে আমাদের। পরিকল্পনা আছে। ইসলামী আন্দোলন যে দিন দিন ভালো করছে, তার একটা স্বাক্ষর স্থানীয় নির্বাচনে দেখা যাবে।’
প্রার্থী বাছাইয়ে দলটি সামাজিকভাবে গ্রহণযোগ্য, দুর্নীতি ও অপরাধমুক্ত এবং ঐতিহ্য আছে এমন পরিবারের সদস্যদের প্রাধান্য দিচ্ছে। কোনো জায়গায় ইসলামী আন্দোলনের প্রার্থী না থাকলে সেখানে দলীয় জনশক্তি কাকে ভোট দেবে? এমন প্রশ্নে শেখ ফজলুল করীম মারুফ বলেন, ‘কোনো জোটের বিষয় নেই। নিজস্ব প্রার্থী না থাকা জায়গাগুলোতে আলাপ-আলোচনা করে অন্যদের মধ্যে যারা তুলনামূলক ভালো, তাদের সমর্থন দেওয়া হবে। এখনও কারও সঙ্গে জোটের আলোচনা হয়নি।’
ইসলামী আন্দোলন পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে ১৯৯১ সালে। শুরুতে নাম ছিল ‘ইসলামী শাসনতন্ত্র আন্দোলন’। পরে নতুন নামকরণ করা হয় ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’। ২০০৮ সালের ২০ নভেম্বর দলটি নির্বাচন কমিশনে নিবন্ধিত হয়।
দলটি থেকে বর্তমানে কয়েকজন নির্বাচিত ইউপি সদস্য ও চেয়ারম্যান রয়েছেন। এ ক্ষেত্রে কওমি ধারার অন্য দলগুলোর তুলনায় তাদের অবস্থান ভালো। সুষ্ঠু নির্বাচন হলে এটি আরও স্পষ্ট হবে বলে প্রত্যাশা দলটির নেতাদের।


