ইসলামী আন্দোলন নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে

ইসলামী আন্দোলন নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দলের সহকারী মহাসচিব ও মিডিয়া বিভাগের প্রধান শেখ ফজলুল করীম মারুফ।
শনিবার (২১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানান তিনি।
শেখ ফজলুল করীম মারুফ বলেন, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে নোংরা মিথ্যাচার করে যাচ্ছে একটি মহল। স্বনামে কথা বলার সাহস না থাকায় অধিকাংশ ক্ষেত্রেই এসব প্রচারণা বেনামে ও ছদ্মবেশে চালানো হয়। সাম্প্রতিক ফাহিম ফারুকী নামে এক ব্যক্তি সংবাদ সম্মেলন করে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে সুনির্দিষ্ট বিষয়ে মিথ্যা ছড়িয়েছে।
এসব মিথ্যাচার রাজনৈতিক সংস্কৃতি কলুষিত করছে মন্তব্য করে তিনি বলেন, এসব মিথ্যাচারের বিরুদ্ধে ইসলামী আন্দোলন দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেবে।
শেখ ফজলুল করীম মারুফের মতে, রাজনৈতিক কর্মপন্থায় পার্থক্য থাকার কারণেই ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল গড়ে ওঠে; এটাই রাজনীতির সৌন্দর্য্য। দলগুলোর মধ্যে পারস্পরিক প্রতিযোগী-প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু নোংরা ও তীব্র মিথ্যাচার সহনীয় না।
মিথ্যাচারের বিরুদ্ধে রাজনৈতিক প্রচেষ্টার পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় নেই বলে জানান দলের এ সহকারী মহাসচিব।







