নিষিদ্ধ আওয়ামী লীগ নিয়ে চরমোনাই পীরের অবস্থান সঠিক নয়: এনসিপি

ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের (চরমোনাই পীর) জন্য নিষিদ্ধ আওয়ামী লীগকে একটি রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করা সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধর্ম সম্পাদক মাওলানা সানাউল্লাহ খান।
শুক্রবার (২০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।
বিবৃতিতে তিনি বলেন, জুলাই-পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় ইসলামী আন্দোলন বাংলাদেশের যে গুরুত্ব ও গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, তার অন্যতম প্রধান কারণ জুলাই গণ-অভ্যুত্থানে দলটির প্রকাশ্য ও সক্রিয় ভূমিকা। বিভিন্ন মহলে দলটির এই ভূমিকার প্রশংসা প্রায়ই শুনতে পাই। বিশেষ করে এনসিপির বিভিন্ন বৈঠকেও জুলাইয়ে ইসলামী আন্দোলনের ভূমিকা নিয়ে ইতিবাচক আলোচনা ও প্রশংসা করা হয়।
তিনি বলেন, সেই জায়গা থেকে এনসিপির সঙ্গে ইসলামী আন্দোলনের সম্পর্ক বরাবরই ভালো। এনসিপিও এই সম্পর্ক ভালো রাখার ব্যাপারে আন্তরিক। এনসিপির শীর্ষ নেতৃত্ব জুলাইয়ে ইসলামী আন্দোলনের ভূমিকার কারণে তাদের প্রতি সব সময় ইতিবাচক মনোভাব পোষণ করেন।
তার মতে, জুলাইয়ের চেতনা ও আকাঙ্ক্ষার প্রশ্নে ইসলামী আন্দোলন কোনো ধরনের নমনীয়তা বা মীমাংসার পথে হাঁটলে তা হবে জুলাইয়ে তাদের নিজেদের ভূমিকা ও অবস্থানের সঙ্গেই এক ধরনের প্রতারণা।
তার ধারণা, চরমোনাই পীর হয়তো দরদের জায়গা থেকে ভাষাগতভাবে কিছুটা সহনশীল অবস্থান নিয়েছেন।
আওয়ামী লীগকে একটি রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করার জায়গাটিতে হুজুরের অবস্থান সঠিক হয়নি বলে মনে করেন মাওলানা সানাউল্লাহ খান।
ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতা ও অ্যাক্টিভিস্টরা তাদের লেখা ও বক্তব্যের মাধ্যমে বিষয়গুলো পরিষ্কার করবেন বলে আশা তার। এর মধ্যে অনেকে করেছেন বলেও জানান তিনি।
তিনি বলেন, জুলাইয়ে যে সাহসী ও স্পষ্ট ভূমিকা তারা রেখেছেন, সেই চেতনার জায়গাতেই ইসলামী আন্দোলন অটল ও অবিচল থাকবে।






