logo

রাষ্ট্র ও সরকারের প্রতি মানুষ আস্থা হারাবে: শায়খে চরমোনাই

রাষ্ট্র ও সরকারের প্রতি মানুষ আস্থা হারাবে: শায়খে চরমোনাই
ইসলামী যুব আন্দোলন ঝালকাঠি জেলা আয়োজিত ষষ্ঠ জেলা যুব সম্মেলনে বক্তব্য দেন মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। ছবি: মিডিয়া সেল

সরকারের সামগ্রিক ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)। তিনি বলেন, খুলনার মতো দেশের অন্যতম একটি বিভাগীয় শহরে গত দশ মাসে ৭৬টি খুনের ঘটনা ঘটেছে। প্রকাশ্যে কুপিয়ে মানুষ হত্যা করা হচ্ছে। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আত্মতৃপ্তিতে ভুগছেন। এভাবে চলতে থাকলে রাষ্ট্র ও সরকারের প্রতি মানুষের আস্থা হারিয়ে যাবে।

শনিবার (১৪ নভেম্বর) ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে শহরের কলেজ রোডের চড়ুইভাতি কমিউনিটি সেন্টারে আয়োজিত ষষ্ঠ জেলা যুব সম্মেলনে এ কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে শায়েখে চরমোনাই বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর পুলিশ প্রশাসন ঘুরে দাঁড়াতে না পারায় সে সুযোগে মাদকের সয়লাব ও বেকারত্বের কারণে সন্ত্রাসের বিস্তার ঘটেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে অপরাধের পর অপরাধী গ্রেপ্তার না হওয়া, গ্রেপ্তার হলেও সহজে জামিনে মুক্ত হওয়া এবং পুরোনো সন্ত্রাসী নেটওয়ার্ক ভেঙে নতুন নতুন সন্ত্রাসী নেটওয়ার্ক তৈরি হওয়া। কারণগুলোর দিকে লক্ষ করলে সব দায়-দায়িত্ব সরকারের ওপরই বর্তায়। আমরা সরকারকে বলব, সরকার পরিচালনা করা শুধু ক্ষমতা ভোগ করা নয়; বরং সরকার পরিচালনার অর্থ হলো দায় ও দায়িত্ব নেওয়া। সেই দায়িত্ব নিন। সমস্যাকে স্বীকার করুন এবং সমাধান করুন।

নীতির পরিবর্তন না হলে অবস্থার পরিবর্তন হয় না মন্তব্য করে তিনি বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানসহ আজ পর্যন্ত তিনটি সরকার দেশ পরিচালনা করেছে। কিন্তু কেউই মানুষের সমস্যার সমাধান করতে পারেনি। কারণ, সবাই মানুষের মনগড়া নীতিতে দেশ শাসন করেছে। আমরা মহান আল্লাহর দেওয়া শরিয়াহ অনুসারে দেশ পরিচালনা করতে চাই। ইসলাম অনুসারে দেশ পরিচালিত হলেই শুধু মানুষের সমস্যার প্রকৃত সমাধান সম্ভব।

জেলা সভাপতি হাফেজ মাওলানা মুফতি নাঈমুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মাদ আল-আমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন ঝালকাঠি জেলা সভাপতি হাফেজ মুহাম্মাদ আলমগীর হোসেন, জেলা সেক্রেটারি মুহাম্মাদ মনির হোসেন খান, ইসলামী যুব আন্দোলন ঝালকাঠি জেলা উপদেষ্টা মুহাম্মাদ কামাল হোসেন তালুকদার, জাতীয় শিক্ষক ফোরাম ঝালকাঠি জেলা সভাপতি অধ্যাপক মুহাম্মাদ মনিরুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন ঝালকাঠি জেলা সভাপতি মুহাম্মাদ আব্দুল কুদ্দুস এবং ইসলামী ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলা সভাপতি মুহাম্মাদ ওয়ালিউল্লাহ সরদার।