logo

অবশেষে হিলিতে থামছে ঢাকাগামী ট্রেন, স্থানীয়দের উচ্ছ্বাস

অবশেষে হিলিতে থামছে ঢাকাগামী ট্রেন, স্থানীয়দের উচ্ছ্বাস
হিলি রেলস্টেশনে যাত্রাবিরতি শুরু করেছে ঢাকাগামী আন্তনগর নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেন। ছবি: এশিয়া পোস্ট

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ও প্রত্যাশা পূরণ হয়েছে। হিলি রেলস্টেশনে যাত্রাবিরতি শুরু করেছে ঢাকাগামী আন্তনগর নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেন। গুরুত্বপূর্ণ এ দুটি ট্রেনের যাত্রাবিরতি চালু হওয়ায় আনন্দ-উচ্ছ্বাসে মেতেছেন স্থানীয় বাসিন্দারা। নতুন এ যাত্রাবিরতিকে ঘিরে হিলি রেলস্টেশনে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি হিলি রেলস্টেশনে প্রথম যাত্রাবিরতি দিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এ সময় ট্রেনের যাত্রী, চালকসহ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় বাসিন্দারা। যাত্রীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হওয়ায় স্টেশনজুড়ে দেখা যায় আনন্দ-উচ্ছ্বাস।

এ সময় হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান বলেন, হিলিবাসীর দীর্ঘদিনের দাবি ছিল ঢাকাগামী আন্তনগর নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি চালু করা। অবশেষে সেই দাবি পূরণ হয়েছে। এ জন্য সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। ট্রেন দুটির যাত্রাবিরতি চালু হওয়ায় হিলি ও আশপাশের এলাকার মানুষের যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি এ অঞ্চলের যোগাযোগব্যবস্থা ও অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, হিলি একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর ও ব্যবসায়িক এলাকা। প্রতিদিন এ অঞ্চল থেকে ব্যবসায়ী, শিক্ষার্থী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নানা প্রয়োজনে ঢাকায় যাতায়াত করেন। এত দিন সরাসরি ট্রেনের যাত্রাবিরতি না থাকায় তাদের ভোগান্তিতে পড়তে হতো। এখন সেই দুর্ভোগ অনেকটাই কমবে। হিলিবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ জন্য হিলিবাসীর পক্ষ থেকে তাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই।

উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শাহীনুর ইসলাম মণ্ডল বলেন, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন হিলিবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছেন। ট্রেন দুটির যাত্রাবিরতি শুধু যাত্রীদের যাতায়াতের সুবিধাই বাড়াবে না, বরং হিলি স্থলবন্দরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য, আমদানি-রপ্তানি ও স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের জন্য এটি বড় সুবিধা। ভবিষ্যতে হিলি রেলস্টেশনের যাত্রীসেবার মান আরও উন্নত করার দাবিও জানান তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে হিলি রেলস্টেশনে ঢাকাগামী নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি চালুর দাবিতে বিভিন্নভাবে দাবি জানিয়ে আসছিলেন তারা। অবশেষে সেই দাবি বাস্তবায়িত হওয়ায় এখন থেকে হিলি ও আশপাশের এলাকার মানুষ সহজেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করতে পারবেন। এতে সময় ও ভোগান্তি কমার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের প্রয়োজনে যাতায়াত আরও সহজ হবে।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, সিনিয়র সহসভাপতি শাহীনুর ইসলাম মণ্ডলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।