পিকআপ-তেলবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

পটুয়াখালী সদর উপজেলার পটুয়াখালী সেতুর ঢালে পিকআপভ্যান ও তেলবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে চান মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
রোববার (১৫ নভেম্বর) ভোরে ফজরের নামাজের পর এ দুর্ঘটনা ঘটে।
নিহত চান মিয়া সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের কাজিবাড়ি এলাকার আজাহার কাজির ছেলে। দুর্ঘটনায় আহত দুজন হলেন- হারুন মোল্লা ও তার স্ত্রী মরিয়ম বেগম।
স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজের পর হঠাৎ বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ঘর থেকে বেরিয়ে আসেন। পরে সড়কে গিয়ে পিকআপভ্যান ও তেলবাহী গাড়িকে দুমড়েমুচড়ে অবস্থায় দেখতে পায়। এতে পিকআপের চালক চান মিয়া ঘটনাস্থলেই প্রাণ হারান। স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে দ্রুত পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান।
জানা গেছে, বাসাবাড়ির মালামাল নিয়ে ঢাকা থেকে পটুয়াখালী ফিরছিলেন হারুন মোল্লা ও তার স্ত্রী মরিয়ম বেগম। পথে পটুয়াখালী সেতুর ঢালে পৌঁছালে তাদের বহনকারী পিকআপভ্যানটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা দুজন আহত হন। পরে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে নিহত চান মিয়ার মরদেহ পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পটুয়াখালী হাইওয়ে পুলিশের দায়িত্বে থাকা রবিউল জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। যান চলাচল স্বাভাবিক রাখতে দুর্ঘটনাকবলিত পিকআপ ও তেলবাহী গাড়িটি সড়ক থেকে সরিয়ে কাছের একটি ফিলিং স্টেশনে রাখা হয়েছে। নিহত ও আহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা ঢাকা থেকে আসছেন।