নাটোরে দাঁড়িয়ে থাকা বৃদ্ধকে চাপা দিয়ে পালাল ট্রাকচালক

নাটোরের বড়াইগ্রামে ট্রাকের চাপায় আব্দুর রশিদ শেখ নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকালে উপজেলার বনপাড়া-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রশিদ শেখ একই এলাকার মৃত রইজ উদ্দিন শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে আব্দুর রশিদ শেখ নিজ বাড়ি থেকে পাশের গ্রামের এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হন। পথে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে বনপাড়া-পাবনা মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন তিনি। এ সময় পাবনা থেকে বনপাড়া বাইপাসগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নাটোরের বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সালাম জানান, খবর পেয়ে বনপাড়া হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানায়, মহাসড়কে অনেক ট্রাক চলাচল করে। প্রাথমিকভাবে পাওয়া তথ্যের সূত্র ধরে দুর্ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।