logo

আজিমপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার সদস্য গ্রেপ্তার

আজিমপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার সদস্য গ্রেপ্তার
গ্রেপ্তার। প্রতীকী ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

রাজধানীর আজিমপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা-পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. সোহরাব হোসেন সুমন মিয়া (৪০), মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৪৬), মো. রাসেল আহম্মেদ (৪২) ও মো. মফিজুল ইসলাম (৫০)।

পুলিশ জানিয়েছে, তারা সবাই চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ৫ নম্বর পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পদধারী নেতা। এর মধ্যে সোহরাব হোসেন সুমন মিয়া সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর আলম সাংগঠনিক সম্পাদক এবং রাসেল আহম্মেদ ও মফিজুল ইসলাম কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গত ১৩ নভেম্বর আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে একটি ঝটিকা মিছিলের আয়োজন করা হয় এবং তাতে তারা অংশ নেন।

পরবর্তী সময়ে গত শনিবার (১৪ নভেম্বর) রাত আনুমানিক সোয়া ১০টায় লালবাগ থানাধীন আজিমপুর সমাজকল্যাণ গলি এলাকায় মো. সোহরাব হোসেন সুমন মিয়ার বাসায় সহযোগীদের নিয়ে গোপন বৈঠক চলছিল। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় সেখানে অভিযান চালিয়ে তাঁদের চারজনকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।