logo

ইউনিয়ন কমিটি ও ইউপি প্রার্থী বাছাইয়ে ক্ষেত্রে এনসিপির একগুচ্ছ নির্দেশনা

ইউনিয়ন কমিটি ও ইউপি প্রার্থী বাছাইয়ে ক্ষেত্রে এনসিপির একগুচ্ছ নির্দেশনা
জাতীয় নাগরিক পার্টির লোগো। ছবি: ফেসবুক পেজ থেকে নেওয়া

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি বাড়াতে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ৩০ নভেম্বরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠন এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের তালিকা দিতে তৃণমূল পর্যায়ে দিকনির্দেশনা দিয়েছে দলটি।

বুধবার (২৮ অক্টোবর) এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও সাংগঠনিক উপকমিটির প্রধান সারজিস আলম আলম স্বাক্ষরিত পত্রে এই নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, কমিটি গঠনের ক্ষেত্রে আহ্বায়কের ন্যূনতম বয়স ৩৫ বছর এবং সদস্যসচিবের বয়স ৩০ বছর নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ৩০ বছরের কম বয়সি কাউকে দলের জেলা থেকে ওয়ার্ড পর্যায়ের কোনো কমিটিতে রাখা যাবে না বলে জানিয়েছে দলটি।

নির্দেশনায় বলা হয়েছে, জেলা কমিটির তত্ত্বাবধানে উপজেলা কমিটির নেতৃত্বে ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠন করতে হবে। কমিটিতে প্রতিটি ওয়ার্ড থেকে সমতার ভিত্তিতে সদস্য নিতে হবে। পাশাপাশি নারী, ভিন্ন ধর্মাবলম্বী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব জনসংখ্যার অনুপাতে নিশ্চিত করার চেষ্টা করতে হবে।

আরও বলা হয়েছে, ৩১ থেকে ৫১ সদস্যের কমিটিকে পূর্ণাঙ্গ হিসেবে গণ্য করা হবে। ৩১ জনের কম সদস্য থাকলে তা আংশিক কমিটি হিসেবে প্রকাশ করতে হবে। তবে আংশিক কমিটিতে অন্তত ১১ জন সদস্য থাকতে হবে। এ ধরনের কমিটি ঘোষণার ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করতে হবে।

কমিটির ক্ষেত্রে বয়সের শর্ত

এনসিপির নির্দেশনায় বলা হয়েছে, আহ্বায়ক হওয়ার ন্যূনতম বয়স ৩৫ বছর। তবে ৪০ বছর বা তার বেশি বয়সিদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। সদস্যসচিবের ন্যূনতম বয়স হতে হবে ৩০ বছর।

দলের জেলা থেকে ওয়ার্ড পর্যায়ের কোনো কমিটিতে রানিং স্টুডেন্ট (নিয়মিত শিক্ষার্থী) রাখা যাবে না। তারা ছাত্রশক্তিতে কাজ করবেন। ৩০ বছরের কম বয়সি কাউকে এনসিপির কমিটিতে না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে, তবে এ বয়সসীমার তরুণদের যুবশক্তি, স্বেচ্ছাসেবক শক্তিসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনে কাজ করার সুযোগ থাকবে।

একই সঙ্গে স্থানীয়ভাবে পরিচিত, মানুষের কাছে গ্রহণযোগ্য, সৎ, দেশপ্রেমিক, সচ্ছল ও সুশিক্ষিত ব্যক্তিদের নেতৃত্বে অগ্রাধিকার দিতে বলা হয়েছে।

নির্দেশনায় দলের বিভিন্ন পর্যায়ের পূর্ণাঙ্গ কমিটির সদস্য সংখ্যাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। মহানগর ও জেলা কমিটি হবে ১০১ সদস্যের। উপজেলা, পৌরসভা ও থানা কমিটি হবে ৭১ সদস্যের। ইউনিয়ন কমিটি হবে ৫১ সদস্যের এবং ওয়ার্ড কমিটি হবে ৩১ সদস্যের।

তিন ধাপে দিতে হবে চেয়ারম্যান প্রার্থীর তালিকা

আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রতিটি ইউনিয়ন থেকে এনসিপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর তালিকা পাঠাতে হবে। জেলা কমিটির মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগের সাংগঠনিক সম্পাদকের কাছে এ তালিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

প্রার্থী তালিকা পাঠানোর জন্য তিনটি সময়সীমা নির্ধারণ করা হয়েছে। প্রথম ধাপে ১০ নভেম্বর, দ্বিতীয় ধাপে ২০ নভেম্বর এবং তৃতীয় ও শেষ ধাপে ৩০ নভেম্বরের মধ্যে তালিকা পাঠাতে হবে।