জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দেশের বর্তমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন উপনির্বাচনসহ বিভিন্ন সাংগঠনিক বিষয়ে আলোচনা করতে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর মগবাজারে অবস্থিত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বিজ্ঞপ্তিতে বল হয়, বৈঠকে দেশের চলমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়। এ ছাড়া স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে জামায়াতের সঙ্গে মতবিনিময়ের প্রসঙ্গ এবং কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে দলটির অংশগ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে দলটির নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।



