রাজনীতি এখন অর্থ ও সম্পদ অর্জনের প্রধান মাধ্যম: তাইফুল ইসলাম টিপু
-5d086b.jpg)
বর্তমানে রাজনীতির সবশেষ লক্ষ্য গাড়ি, বাড়ি ও অর্থের মালিক হওয়া বলে মন্তব্য করেছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। তিনি বলেন, একসময় মানুষ আদর্শিক জায়গা থেকে রাজনীতিতে আসত, কিন্তু বর্তমানে রাজনীতির মূল প্রক্রিয়াটি অনেকটাই বদলে গেছে।
সম্প্রতি এশিয়া পোস্টের ‘আলাপন’ অনুষ্ঠানে এসে এসব কথা বলেন তিনি।
তাইফুল ইসলাম টিপু বলেন, একসময় রাজনীতিতে যারা আসতেন, তাদের সম্পর্কে সাধারণ মানুষের ধারণা ছিল, তাদের পরিবারে নানা অনটন থাকে এবং ঠিকমতো চাল-চুলোও থাকে না। কিন্তু বর্তমান সময়ে রাজনীতি অর্থ ও সম্পদ অর্জনের প্রধান মাধ্যমে পরিণত হয়েছে।
তিনি বলেন, রাজনীতিতে ভালো ও খারাপ উভয় বিষয়ই শেখার সুযোগ রয়েছে। দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় বহু ভালো-খারাপ মানুষের সংস্পর্শে এসে নিজেকে সঠিক পথে রাখার লড়াই করে যাচ্ছেন তিনি।
বিএনপির সাবেক এই নেতা আরও বলেন, রাজনীতিতে প্রতিনিয়ত কঠিন সংগ্রাম করতে হয়। সঠিক পথে এগিয়ে যাওয়ার প্রক্রিয়াই একজন প্রকৃত রাজনীতিবিদের মূল পরিচয়।
তাইফুল ইসলাম টিপু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মওলানা ভাসানীর মতো ঐতিহাসিক নেতারা মানুষের কল্যাণে কাজ করে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। যারা মানুষের কল্যাণে কাজ করতে ব্যর্থ হয়েছেন, তারা রাজনীতিতে টিকে থাকতে পারেননি।



