বাহরাইনে ‘ব্রাদার্স ফ্রেন্ডশিপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬’ অনুষ্ঠিত

বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে উৎসবমুখর ও জমকালো পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ‘ব্রাদার্স ফ্রেন্ডশিপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ সিজন-১।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই টুর্নামেন্টে সর্বমোট ১২টি দল অংশগ্রহণ করে। রোমাঞ্চকর ফাইনালে মুখোমুখি হয় সিত্রা স্টাইকার এবং ব্রাদার্স ব্যাডমিন্টন ক্লাব। দারুণ নৈপুণ্য দেখিয়ে শিরোপা জিতে নেয় ব্রাদার্স ব্যাডমিন্টন ক্লাব। টুর্নামেন্টে রানার্সআপ হয় সিত্রা স্টাইকার এবং তৃতীয় স্থান অর্জন করে এফবি টিম।
পুরো টুর্নামেন্টজুড়ে অসাধারণ পারফরম্যান্সের জন্য টিপু সুলতান 'ম্যান অব দ্য টুর্নামেন্ট' নির্বাচিত হন। অন্যদিকে জাঁকজমকপূর্ণ ফাইনাল ম্যাচে সেরা খেলোয়াড়ের (ম্যান অব দ্য ম্যাচ) পুরস্কার পান ওয়েস আহমেদ।
বাহরাইনে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও ঐতিহ্যের বর্ণিল প্রদর্শনী
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের সভাপতি আইনুল হক সরকার। এছাড়া, বৃহত্তর নোয়াখালী সোসাইটি বাহরাইনের সভাপতি আবুল কালাম আজাদসহ অনুষ্ঠানে বাংলাদেশ ইয়ুথ ক্লাবের প্রতিনিধিবৃন্দসহ বাহরাইনের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, সাংবাদিক, খেলোয়াড় ও ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্ট শেষে ব্রাদার্স ব্যাডমিন্টন ক্লাব-এর সভাপতি আল মারুফ বলেন, "প্রবাসে খেলাধুলার মাধ্যমে ইতিবাচক পরিবেশ ও ভ্রাতৃত্বের বন্ধন ধরে রাখা সুস্থ বিনোদনের অন্যতম মাধ্যম। এ ধরনের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করে, পাশাপাশি দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার সুযোগ দেয়।"
বাহরাইনে হৃদরোগে বাড়ছে বাংলাদেশি প্রবাসীদের মৃত্যু
বৃহত্তর বরিশাল জনকল্যাণ সমিতি বাহরাইনের সাধারণ সম্পাদক সারওয়ার হাসান বলেন, "খেলাধুলা প্রবাসে সুস্থ বিনোদনের মাধ্যম। এ ধরনের আয়োজনের মাধ্যমে প্রবাসীরা নিজেদের মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে তুলতে পারেন।”
খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি এবং পুরষ্কার বিতরণ করা হয়। 'ব্রাদার্স ব্যাডমিন্টন বাহরাইন ক্লাব-এর আয়োজনে এবং 'বৃহত্তর বরিশাল জনকল্যাণ সমিতি বাহরাইন'-এর সার্বিক সহযোগিতায় আয়োজিত এই আসরের টাইটেল স্পন্সর ছিল এআরএম গ্রুপ।