২০২৭ সালের এনআরবি গ্লোবাল সামিট ফ্রান্সে আয়োজনের ঘোষণা

প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের সেতুবন্ধন আরও সুদৃঢ় করা এবং তাঁদের মেধা, দক্ষতা, অভিজ্ঞতা ও বিনিয়োগ বাংলাদেশের উন্নয়নে কাজে লাগানোর লক্ষ্যে ২০২৭ সালের এনআরবি গ্লোবাল সামিট ফ্রান্সে আয়োজনের ঘোষণা দিয়েছেন সংগঠনটির নেতারা। সম্প্রতি প্যারিসে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনআরবি গ্লোবালের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনআরবি গ্লোবালের প্রতিষ্ঠাতা এনামুল হক এনাম, ২০২৬ সালের ঢাকা এনআরবি গ্লোবাল সামিটের কনভেনর মমিনুল হক এবং এনআরবি গ্লোবালের উপদেষ্টা কাজী এনায়েত উল্লাহ ইনু।
আয়োজকেরা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করছেন। তাঁদের অর্জিত জ্ঞান, পেশাগত দক্ষতা, আন্তর্জাতিক অভিজ্ঞতা ও বিনিয়োগ সক্ষমতাকে দেশের উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করা গেলে বাংলাদেশের অর্থনীতি, কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
অপপ্রচারকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি ফ্রান্স রাষ্ট্রদূতের
তাঁরা বলেন, এনআরবি গ্লোবাল শুধু একটি সম্মেলন আয়োজনের উদ্যোগ নয়, বরং প্রবাসী বাংলাদেশি পেশাজীবী, ব্যবসায়ী, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সঙ্গে দেশের নীতিনির্ধারক এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কার্যকর যোগাযোগ গড়ে তোলার একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। এর মাধ্যমে দেশ ও প্রবাসের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের অংশগ্রহণ আরও জোরদার করার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।
আয়োজকদের মতে, ঢাকায় অনুষ্ঠিতব্য ২০২৬ সালের সামিটে প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য, প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক গুরুত্ব পাবে। একই সঙ্গে প্রবাসী উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সঙ্গে দেশীয় ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের যোগাযোগ বৃদ্ধির ওপর জোর দেওয়া হবে।