আমিরাতের ভিজিট ভিসা স্পন্সরশিপে নতুন শর্তারোপ

সংযুক্ত আরব আমিরাতে রেসিডেন্স ভিসাধারী প্রবাসীদের জন্য নতুন একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। এতে আত্মীয় বা বন্ধুকে ভিজিট ভিসায় আমিরাতে আনতে চাইলে নূনতম মাসিক বেতন নির্দিষ্ট করে দেয়া হয়েছে। তবে স্পন্সরের সাথে আবেদনকারীর সম্পর্ক যত ঘনিষ্ঠ হবে, বেতনের শর্তও তত কম হবে বলে জানানো হয়েছে ওই নির্দেশিকায়।
নতুন নিয়ম অনুযায়ী, বাবা, মা, স্বামী বা স্ত্রী এবং ছেলেমেয়ের মতো সবচেয়ে ঘনিষ্ঠ আত্মীয়দের আনার ক্ষেত্রে স্পন্সরের মাসিক বেতন কমপক্ষে চার হাজার দিরহাম হতে হবে। ভাই, বোন, দাদাদাদি, নানানানি ও নাতিনাতনির ক্ষেত্রে মাসে অন্তত আট হাজার দিরহাম আয় থাকতে হবে। একই শর্ত প্রযোজ্য চাচা, ফুফু, মামা, খালা এবং চাচাতো, মামাতো, ফুফাতো বা খালাতো ভাইবোনের ক্ষেত্রেও, তাদের ক্ষেত্রেও মাসিক আট হাজার দিরহাম আয়ের শর্ত রাখা হয়েছে।
তবে যাঁরা আত্মীয় নন, শুধু বন্ধু হিসেবে কাউকে ভিজিট ভিসায় আনতে চাইলে স্পন্সরের মাসিক বেতন থাকতে হবে অন্তত পনেরো হাজার দিরহাম।
নির্দেশিকায় আরও বলা হয়েছে, আবেদনের সময় স্পন্সরকে অবশ্যই আবেদনকারীর সাথে তার সম্পর্কের প্রমাণ দিতে হবে। এই প্রমাণ হিসেবে সত্যায়িত জন্মসনদ, বিবাহ সনদ বা এই জাতীয় অন্য কোনো বৈধ কাগজপত্র জমা দিতে হবে।
ভিজিট ভিসার আবেদন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় কাগজপত্রের বিস্তারিত তথ্য জানতে আগ্রহীরা ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্টস সিকিউরিটির ওয়েবসাইট দেখতে পারেন। দুবাইয়ের বাসিন্দাদের ক্ষেত্রে এই তথ্য পাওয়া যাবে জিডিআরএফএর ওয়েবসাইটে।
