logo

আজমানে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে প্রবাসী জাহেদের মৃত্যু

ফরহাদ হুসাইন
ফরহাদ হুসাইন, মধ্যপ্রাচ্য ব্যুরো
আজমানে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে প্রবাসী জাহেদের মৃত্যু
মৃত মোহাম্মদ আবু জাহেদ। ছবি: এশিয়া পোস্ট

সংযুক্ত আরব আমিরাতের আজমানে আবাসস্থলে অগ্নিকাণ্ডের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মোহাম্মদ আবু জাহেদ (৪৮) নামের এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।

আবু জাহেদ চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর হিংগলা গ্রামের মফজল ডাক্তার বাড়ির মৃত মোহাম্মদ এজাহার মিয়ার ছেলে।

নিহতের ভাগিনা আবুধাবির মুসাফফাহ প্রবাসী মোহাম্মদ মনির উল্লাহ এশিয়া পোস্টকে জানান, ভাগ্য বদলের আশায় ২০০৩ সালে আমিরাতে পাড়ি জমান আবু জাহেদ। মৃত্যুর আগে তিনি আজমানের একটি সুপারমার্কেটে সেলস সুপারভাইজার হিসেবে কাজ করছিলেন। ২০২৫ সালে সর্বশেষ ছুটিতে দেশে আসেন তিনি।

মনির উল্লাহর ভাষ্য, শনিবার রাত ১২টা থেকে নৈশকালীন শিফটে কাজ করার কথা ছিল জাহেদের। সে জন্য ঘুমিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। রাত সাড়ে আটটার দিকে পাশের কক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায়। তাঁর পাকিস্তানি রুমমেট নিরাপদে বেরিয়ে যেতে পারলেও গভীর ঘুমে থাকায় ধোঁয়ায় দম বন্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান জাহেদ। পরে পুলিশ বাসা থেকে মরদেহ উদ্ধার করে আজমানের শেখ খলিফা হাসপাতালে নিয়ে যায়।

বর্তমানে লাশ আজমান সেন্ট্রাল মর্গে রাখা আছে। আনুষ্ঠানিকতা শেষে মরদেহ দেশে পাঠানো হবে।মৃত্যুকালে আবু জাহেদ স্ত্রী এবং ১০ ও ৩ বছর বয়সী দুই কন্যাসন্তান রেখে গেছেন।