হজের নিয়ম অমান্য করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১৩

হজের নিয়ম ও বিধিমালা লঙ্ঘন করার দায়ে তিনটি পৃথক অভিযানে ১২ জন প্রবাসী এবং একজন সৌদি নাগরিককে গ্রেপ্তার করেছে হজ নিরাপত্তা বাহিনী। এর মধ্যে একজন প্রবাসী বাংলাদেশিও রয়েছেন।
হজের অনুমতিপত্র (পারমিট) ছাড়া মক্কায় প্রবেশের চেষ্টা করায় পাঁচজন তুর্কি নাগরিককে গ্রেপ্তার করা হয়। নিয়ম লঙ্ঘনের অপরাধে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
এছাড়াও মক্কার নিরাপত্তা টহল দল সামাজিক যোগাযোগ মাধ্যমে হজের ভুয়া ও বিভ্রান্তিকর বিজ্ঞাপন দিয়ে প্রতারণা ও জালিয়াতি করার অভিযোগে চারজন প্রবাসী নাগরিককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে অন্যরা ভারত ও আফগানিস্তানের নাগরিক। এ সময় নিরাপত্তা কর্মকর্তারা তাদের কাছ থেকে জালিয়াতির কাজে ব্যবহৃত জাল কার্ড, নথিপত্র এবং বিভিন্ন সরঞ্জাম জব্দ করেন। সন্দেহভাজনদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে তাদের পাবলিক প্রসিকিউশনে (পাবলিক প্রসিকিউটরের কার্যালয়ে) পাঠানো হয়েছে।
এছাড়া হজের সরকারি অনুমতিপত্র ছাড়াই তিনজন আফগান নাগরিককে মক্কায় নিয়ে যাওয়ার চেষ্টার সময় একজন সৌদি নাগরিককে গ্রেপ্তার করেছে হজ নিরাপত্তা বাহিনী।
কর্তৃপক্ষের নির্দেশনা ও সতর্কবার্তা
নিরাপত্তা কর্তৃপক্ষ সৌদি নাগরিক ও প্রবাসী—সবাইকে হজের নিয়ম ও বিধিমালা মেনে চলার এবং হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে তারা জোর দিয়ে বলেছে, আইন অমান্যকারীদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।
যেকোনো ধরনের নিয়ম লঙ্ঘন বা জালিয়াতির ঘটনা নজরে এলে তা অবিলম্বে কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করা হয়েছে।
রিপোর্ট করার জন্য মক্কা, মদিনা, রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশে (ইস্টার্ন প্রভিন্স) ‘৯১১’ নম্বরে এবং সৌদি আরবের অন্যান্য অঞ্চলে ‘৯৯৯’ নম্বরে কল করতে বলা হয়েছে।
