গণমাধ্যমে আমিরাত বিরোধী প্রচারণার কড়া সমালোচনা গারগাশের

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতির কূটনৈতিক উপদেষ্টা ড. আনোয়ার গারগাশ গণমাধ্যমে দেশটির বিরুদ্ধে প্রচারণার তীব্র সমালোচনা করেছেন।
তিনি এসব প্রচারণাকে "হতাশাজনক" বলে আখ্যা দিয়ে বলেন, দেশটির বিরুদ্ধে চালানো আক্রমণের জবাব দেওয়ার চেয়ে দেশের অর্জনই শক্তিশালী উত্তর।
শনিবার নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে গারগাশ বলেন, এসব প্রচারণা দেশের দৃঢ়সংকল্প ও অর্জনের বিপরীতে বিকৃতি ও গুজবের ওপর ভিত্তি করে চালানো হচ্ছে। তাঁর ভাষায়, প্রতিক্রিয়ার চেয়ে কাজের ওজন শেষ পর্যন্ত বেশি, আর এই ধরনের প্রচারণার নেপথ্যে থাকা ব্যক্তিদের জন্য একটি সফল জাতীয় মডেলের মোকাবিলা করা কঠিন।
গারগাশ আরও বলেন, আমিরাতকে লক্ষ্য করে যে প্রচেষ্টা ও অর্থ ব্যয় করা হচ্ছে তা নিছক সম্পদের অপচয়, যা বরং "গঠন ও উন্নয়নের" কাজে ব্যয় করা যেত।
গত কয়েক মাসে আঞ্চলিক উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে তিনি বেশ কয়েকবার একই ধরনের অবস্থান তুলে ধরেছেন। চলতি বছরের মার্চে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা উপসাগরীয় দেশগুলোতে, বিশেষ করে আমিরাতে আঘাত হানার প্রেক্ষাপটে গারগাশ এক্সে লেখেন, কিছু গণমাধ্যম আমিরাতের অবস্থান ব্যাখ্যায় সীমা ছাড়িয়ে গেছে এবং সেগুলোকে সঠিক প্রেক্ষাপটে বিচার করা প্রয়োজন।
তিনি তখন বলেছিলেন, সার্বভৌমত্ব ও রাষ্ট্র রক্ষা করা সম্মান ও দায়িত্বের বিষয়, তবে একই সঙ্গে রাজনৈতিক সমাধানের প্রতি আমিরাতের অঙ্গীকারও অটুট।
এরপর ১৯ আগস্ট আরেকটি পোস্টে গারগাশ আমিরাতের শ্রমিক আবাসিক ভিসা বাতিল এবং ইরানকে আর্থিক সুবিধা দেওয়ার অভিযোগ সরাসরি নাকচ করে দেন। তিনি বলেন, কিছু লক্ষ্যভিত্তিক প্ল্যাটফর্ম আমিরাত সম্পর্কে মিথ্যা তথ্য ছড়াচ্ছে, অথচ দেশ তখন আঞ্চলিক পরিস্থিতি মোকাবিলা এবং পরবর্তী পর্যায়ের প্রস্তুতিতে মনোযোগী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কৌশলগত যোগাযোগ বিভাগের পরিচালক আফরা আল হামেলিও তখন জানিয়েছিলেন, আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার স্বচ্ছতা রক্ষার পাশাপাশি সংলাপ, সহযোগিতা ও আঞ্চলিক সংহতির প্রতি আমিরাত অঙ্গীকারবদ্ধ।



