দলের স্বার্থে প্রবাসী বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ রিজভীর

ইউরোপ ও ইতালি সফর শেষে দেশে ফেরার সময় রোমের আন্তর্জাতিক লিওনার্দো দা ভিঞ্চি (ফিয়ামিসিনো) বিমানবন্দরে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানিয়েছেন, দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ টি এম রকিবুল হক। উপস্থিত থেকে তাকে বিদায়ী ফুলেল শুভেচ্ছা জানান। এসময় ইতালি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় সার্বিক বিষয় নিয়ে কুশল বিনিময়ের পাশাপাশি প্রবাসী বিএনপি নেতাকর্মীদের দলের স্বার্থে ঐক্যবদ্ধ থেকে স্ব স্ব অবস্থান থেকে দলীয় কর্মকাণ্ড আরও বেগবান ও গতিশীল করার দিকনির্দেশনা দেন রুহুল কবির রিজভী।
এছাড়াও বিদায় মুহূর্তে বিমানবন্দরে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শাহ তৌহিদ কাদের, রোম মহানগর বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, ইতালি যুবদলের সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ ইতালি বিএনপি, যুবদল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকেরা।
নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় ও বিদায় পর্ব শেষে তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রোম ত্যাগ করেন।