বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই’র জমকালো অভিষেক

বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই’র আত্মপ্রকাশ সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ প্রেস ক্লাব- বিপিসি’র নবগঠিত কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
সোমবার সংগঠনটির অভিষেক উপলক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণী ব্যক্তি ও সফল উদ্যোক্তাদের স্বীকৃতি হিসেবে ‘বিপিসি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ প্রদান ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি ও দুবাই প্রেস ক্লাবের আজীবন সদস্য মামুনুর রশীদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল শাহীন ও সাংগঠনিক সম্পাদক এস এম শাফায়েতের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আমিরাতে বসবাসরত বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, ব্যবসায়ী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানের প্রথম পর্বে নবগঠিত কমিটির সদস্যদের শপথ নেন। শপথ পড়ান প্রেস ক্লাবের উপদেষ্টা ওইউএই বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ছালাম তালুকদার। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাব, বাংলাদেশের সভাপতি ও বিশিষ্ট কবি হাসান হাফিজ। তিনি প্রবাসে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা বজায় রাখা, দেশীয় সংস্কৃতি সংরক্ষণ এবং প্রবাসীদের কল্যাণে কাজ করার জন্য সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুবাই পুলিশের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের প্রধান ওমর আফলাতুন। তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রচলিত আইন, বিশেষ করে সাইবার অপরাধ ও সাইবার আইন সম্পর্কে সচেতনতামূলক দিকনির্দেশনা দেন। প্রবাসীদের বিভিন্ন সমস্যা মোকাবিলায় কমিউনিটির ঐক্য ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি, প্রবাসীরা কোনো সমস্যায় সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ করতে না পারলে বাংলাদেশ প্রেস ক্লাবের মাধ্যমেও নিজেদের সমস্যা ও প্রাসঙ্গিক তথ্য তুলে ধরতে পারেন বলে জানান ওমর আফলাতুন।
সমাপনী বক্তব্যে সভাপতি মামুনুর রশীদ সামাজিক যোগাযোগমাধ্যমে পারস্পরিক কাদা ছোড়াছুড়ি এড়িয়ে মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।