logo

ইতালির রোমে নোয়াখালী নারী কল্যাণ সংঘের পিঠা উৎসব

ইসমাইল হোসেন স্বপনইতালি
ইতালির রোমে নোয়াখালী নারী কল্যাণ সংঘের পিঠা উৎসব
রোমে নোয়াখালী নারী কল্যাণ সংঘের পিঠা উৎসবে অতিথিরা। ছবি: এশিয়া পোস্ট

ইতালির রাজধানী রোমে উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হয়েছে বৃহত্তর নোয়াখালী নারী কল্যাণ সংঘের প্রথম বর্ষপূর্তি ও পিঠা উৎসব।

প্রবাসের ব্যস্ত জীবনে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার প্রত্যয়ে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি নারীসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Advertisement

রোববার (২২ নভেম্বর) বিকেল ৪টায় রোমের লার্গো প্রেনেস্তে অবস্থিত আলিশান রেস্টুরেন্টে বৃহত্তর নোয়াখালী নারী কল্যাণ সংঘ, ইতালির উদ্যোগে এ বর্ষপূর্তি ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি শাহিন আক্তার রিনার সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথভাবে পরিচালনা করেন সাধারণ সম্পাদক আঁখি সীমা কাউসার এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামরুন নাহার এলি। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি নাহিদা হুদা এবং সাংগঠনিক সম্পাদক তৃষা সেন গুপ্তা।

অনুষ্ঠানটি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বৃহত্তর নোয়াখালী এবং বৃহত্তর নোয়াখালী ব্যাংকার সমিতির নেতৃবৃন্দ। পাশাপাশি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেত্রী ও সদস্যরা সম্মিলিতভাবে অনুষ্ঠান আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তাঁদের মধ্যে ছিলেন সিনিয়র সহসভাপতি নাহিদ হুদা, সহসভাপতি তিশা কাদের, সহসভাপতি সাজেদা আক্তার সুরমা, যুগ্ম সাধারণ সম্পাদক রোমানা রুমি, সাংগঠনিক সম্পাদক তৃষা সেন গুপ্তা, ফারজানা আক্তার, সুলতানা জাকির, মোহাম্মদ সালেহা আক্তার, ইয়াসমিন ফরিদ, শাহানা আক্তার, রেজিনা আক্তার, প্রচার সম্পাদক মাহমুদা সুইটি, আন্তর্জাতিক সম্পাদক সৌরভী আক্তার, বেল্লা শিউলি, রুখসানা মেবিন ও আইরিনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি ইতালির রাজনৈতিক, সামাজিক ও বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

পিঠা উৎসবকে ঘিরে বাঙালির চিরচেনা ঐতিহ্যবাহী নানা ধরনের পিঠার সমাহার অনুষ্ঠানে যোগ করে ভিন্নমাত্রা। প্রবাসের মাটিতে দেশীয় সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্যের এমন আয়োজন উপস্থিত অতিথিদের মধ্যে সৃষ্টি করে আনন্দ ও উৎসাহের আমেজ। একই সঙ্গে পারস্পরিক পরিচিতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের সুযোগ তৈরি হয়।

আয়োজকরা জানান, নারীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা, সামাজিক সচেতনতা এবং প্রবাসে বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখার লক্ষ্যেই সংগঠনটি কাজ করে যাচ্ছে। প্রথম বর্ষপূর্তির এ আয়োজন সংগঠনের আগামী দিনের পথচলায় নতুন অনুপ্রেরণা জোগাবে বলেও প্রত্যাশা তাদের।

বৃহত্তর নোয়াখালী নারী কল্যাণ সংঘ প্রবাসে নারীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা, সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা এবং বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। সংগঠনটি ভবিষ্যতেও প্রবাসী নারীদের কল্যাণে বিভিন্ন ইতিবাচক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখতে প্রত্যয়ী।