রোমানিয়ায় দুই বাংলাদেশি প্রবাসীকে অপহরণের পর মুক্তিপণ দাবি

রোমানিয়ার তিমিসোয়ারা শহরে জালাল আহমেদ ও ইমরান নামে দুই বাংলাদেশি প্রবাসী অপহরণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অবৈধ পথে রোমানিয়া থেকে ইতালি যাওয়ার সময় তারা একটি অপহরণকারী চক্রের হাতে জিম্মি হন।
এই ঘটনার পর থেকে রোমানিয়াসহ ইউরোপে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। প্রবাসীরা এই মানবপাচারকারী ও দালালচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি ঝুঁকিপূর্ণ অবৈধ পথে ভ্রমণ থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
অপহৃতদের পারিবারিক সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর নামে এক বাংলাদেশি দালালের মাধ্যমে রোমানিয়া থেকে ইতালিতে যাওয়ার পথে তিমিসোয়ারা এলাকা থেকে জালাল ও ইমরান অপহৃত হন। অপহরণের পর ভুক্তভোগীদের স্বজনদের কাছে একটি ভিডিও বার্তা পাঠিয়েছে অপহরণকারীরা।
ভিডিওতে দেখা যায়, দুই বাংলাদেশির গলায় ছুরি ধরে রাখা হয়েছে। ভিডিওতে অপহরণকারীরা দাবি করেছে, দালাল জাহাঙ্গীরের কাছে যে অর্থ রয়েছে, তা অবিলম্বে ক্রিপ্টোকারেন্সির (ডিজিটাল মুদ্রা) মাধ্যমে তাদের কাছে পাঠাতে হবে। একইসঙ্গে দুজনের মুক্তির জন্য ৩ হাজার ইউরো করে মোট ৬ হাজার ইউরো বা বাংলাদেশি মুদ্রায় মোট প্রায় সাড়ে ৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে এই অর্থ পরিশোধ করা না হলে অপহৃতদের প্রাণনাশের মতো বড় ধরনের ক্ষতি করার হুমকিও দেওয়া হয়েছে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর ইউরোপে থাকা প্রবাসী বাংলাদেশিরা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে সবাইকে এই ধরনের ঝুঁকিপূর্ণ ও অবৈধ পথে ভ্রমণ করা থেকে সতর্ক থাকার আহ্বান জানান। একইসঙ্গে দালালের খপ্পরে পড়ে যেন আর কোনো বাংলাদেশিকে জীবন ঝুঁকিতে ফেলতে না হয়, সে বিষয়ে সচেতনতা তৈরির তাগিদ দিয়েছেন তারা।
উদ্ভূত পরিস্থিতিতে রোমানিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা সংশ্লিষ্ট দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং কূটনৈতিক কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন। বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে অপহৃত দুই প্রবাসীকে দ্রুত ও নিরাপদে উদ্ধার এবং এই আন্তর্জাতিক অপহরণকারী ও মানবপাচারকারী চক্রের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন তারা।
