ফ্রান্সে ঢাকা বিভাগ প্রবাসী অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক

ফ্রান্সে বসবাসরত ঢাকা বিভাগের প্রবাসীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়ে গঠিত ‘ঢাকা বিভাগ প্রবাসী অ্যাসোসিয়েশন, ফ্রান্স’-এর ২০২৫-২০২৮ মেয়াদের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ নভেম্বর) প্যারিসের উপকণ্ঠে লা কুরনুভ-অবেরভিলিয়ের এলাকার বিডি কমিউনিটি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ঢাকা বিভাগের বিভিন্ন জেলার বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি, সাংস্কৃতিক পরিবেশনা এবং র্যাফেল ড্র ছিল অন্যতম আকর্ষণ।
সিপাহি-জনতার ঐক্যের চেতনায় জাতীয় সংহতি জোরদারের আহ্বান ফ্রান্স রাষ্ট্রদূতের
সংগঠনটির ২০২৫-২০২৮ মেয়াদের ১৫১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আহসানুল হক বুলু। সিনিয়র সহসভাপতি আতাউর রহমান সরকার, সাধারণ সম্পাদক ফারুক খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মিল্টন সরকার এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন হাসান হাওলাদার।
এ ছাড়া ২৫ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন সিরাজুল ইসলাম মিয়া। উপদেষ্টা কমিটির প্রথম সারির সদস্যদের মধ্যে রয়েছেন মানিক মিয়া, শহীদ আলী, কাজী আমিনুর রহমান ও শামীম মোল্লা।
সিপাহি-জনতার ঐক্যের চেতনায় জাতীয় সংহতি জোরদারের আহ্বান ফ্রান্স রাষ্ট্রদূতের
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, প্রবাসের মাটিতে নিজ নিজ জেলার মানুষের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা প্রতিষ্ঠায় এ ধরনের সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকা বিভাগের বিভিন্ন জেলার মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, প্রবাসীদের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো এবং নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার ক্ষেত্রে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
নবগঠিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যাকে ঘিরে ফ্রান্স প্রবাসী ঢাকা বিভাগের মানুষের মিলনমেলায় পরিণত হয়। আয়োজকদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি প্রবাসীদের ঐক্য, কল্যাণ ও সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
