রোমে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ইতালির রোমে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।
মঙ্গলবার (২৭ অক্টোবর) আয়োজিত এই আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইতালি যুবদলের সভাপতি জাকির হোসেন গণি। সাধারণ সম্পাদক মো. ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে ইতালি বিএনপি ও যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
বাঁধনের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ইতালি বিএনপির
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র পুনরুদ্ধার, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে উৎপাদনমুখী রাজনীতির মাধ্যমে যুবশক্তিকে কর্মশক্তিতে রূপান্তরিত করাই যুবদলের মূল দর্শন। প্রবাসী জিয়ার সৈনিকেরা এই দর্শন বুকে ধারণ করেই সামনের দিনগুলোতে এগিয়ে যেতে চান।
বক্তারা আরও উল্লেখ করেন, প্রবাসীরা কেবল নিজেদের জীবিকার তাগিদে বিদেশে অবস্থান করেন না; দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন, সংগ্রাম এবং অর্থনৈতিক অগ্রগতিতে তাঁদের অনন্য অবদান রয়েছে। দেশের যেকোনো ক্রান্তিলগ্নে ঐক্যবদ্ধভাবে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন তাঁরা।
বিনামূল্যে প্রশিক্ষণ নিয়ে ইতালিসহ ইউরোপে যাওয়ার সুযোগ
দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির বিষয়ে ইতালি যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, সংগঠনকে পরিচ্ছন্ন ও সুসংগঠিত রাখতে ত্যাগী কর্মীদের যথাযথ মূল্যায়ন করতে হবে। একই সঙ্গে অনুপ্রবেশকারী ঠেকাতে এবং সঠিক কর্মী বাছাইয়ে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা। এছাড়া প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে দলের আদর্শ ও গৌরবোজ্জ্বল ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে ফ্লোরেন্স, নাপোলি ও মনফালকোনে শহরসহ বিভিন্ন আঞ্চলিক শাখার বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং নেতাকর্মীরা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।