logo

জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধ থেকে মুছে ফেলতে চেয়েছিল আ.লীগ: কায়কোবাদ

রফিক চৌধুরী, সৌদি আরব
জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধ থেকে মুছে ফেলতে চেয়েছিল আ.লীগ: কায়কোবাদ
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ উদ্‌যাপন। ছবি: এশিয়া পোস্ট

‘বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই গৌরবময় ঐতিহাসিক বিজয় এবং স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযুদ্ধকে ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছিল’—এমন মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ উদ্‌যাপন করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এমন মন্তব্য করেন তিনি।

সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ এবং সিপাহি-জনতার বিপ্লবের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী গণতন্ত্র রক্ষা ও জাতীয় ঐক্য সুদৃঢ় করতে প্রবাসী বাংলাদেশিদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি তিনি সৌদি আরবের আইনকানুন মেনে চলা এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার পরামর্শ দেন।

অনুষ্ঠানে জেদ্দায় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোছাইন ছাড়াও জেদ্দা বিএনপির নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ আব্দুর রহমান, সৌদি আরব বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান, সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন এবং জেদ্দা মহানগর বিএনপির সভাপতি সিআইপি খেফায়েত উল্লাহ চৌধুরী। এ ছাড়াও জাসাস যুবদল ওলামা দল সেচ্ছাসেবক ও অঙ্গসংগঠন এর নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এতে কনস্যুলেটের কর্মকর্তা, হজ অফিস, বিমান , স্থানীয় কমিউনিটি এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরিশেষে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।