logo

রোমে প্রবাসীদের জন্য স্থায়ী খেলার মাঠের দাবি জোরদারের আহ্বান

ইসমাইল হোসেন স্বপন, ইতালি
রোমে প্রবাসীদের জন্য স্থায়ী খেলার মাঠের দাবি জোরদারের আহ্বান
রোমে ‘মিনহাজ একাদশে’র যাত্রা উপলক্ষে জার্সি উন্মোচন অনুষ্ঠান। ছবি: এশিয়া পোস্ট, ইতালি প্রতিনিধি

ইতালির রোমে প্রবাসী প্রজন্মের জন্য একটি স্থায়ী খেলার মাঠ গড়ে তুলতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন, বাংলাদেশি কমিউনিটির নেতারা। সম্প্রতি রোমে অনুষ্ঠিত ক্রীড়া সংগঠন ‘মিনহাজ একাদশ’ এর জার্সি উন্মোচন অনুষ্ঠানে তারা এ আহ্বান জানান।

সুস্থ সমাজ গঠন এবং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে দেশীয় ক্রীড়া সংস্কৃতির প্রসারের লক্ষ্যে ইতালির রোমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ক্রীড়া সংগঠনটি। পৃষ্ঠপোষক মো. হৃদয় মনিরের সভাপতিত্বে এবং ক্রীড়াবিদ আরিফ আহমেদ আরিফিন ও সাংবাদিক জায়েদুল হক সোহেলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে রোমের আঞ্চলিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও ক্রীড়া সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি, সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরাও

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাসেল, বাংলা প্রেসক্লাব ইতালির সাধারণ সম্পাদক লাবণ্য চৌধুরী, সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম ইতালির সভাপতি আরমান উদ্দিন স্বপন এবং বাংলাদেশ ক্রিকেট ইতালির চেয়ারম্যান ইমন রহমানসহ আরও অনেকে।

সংক্ষিপ্ত আলোচনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসের মাটিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে নিয়মিত খেলাধুলার কোনো বিকল্প নেই। ভিনদেশি সংস্কৃতির মাঝেও বাংলাদেশের আবহ ও দেশীয় ঐতিহ্য টিকিয়ে রাখতে রোমে একটি স্থায়ী খেলার মাঠ এখন সময়ের দাবি। বক্তারা রোমের বাংলাদেশ কমিউনিটিকে এ বিষয়ে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

ইতালির কথা বলে নিয়ে যেত অন্য দেশে, বাধ্য করত দেহব্যবসায়: এসআরবি

আলোচনা পর্ব শেষে অতিথিরা মিনহাজ একাদশের অধিনায়ক কামরান আহমেদ মঞ্জু এবং টিম রেসপনসাবিলে জুনেদ আহমেদের হাতে আনুষ্ঠানিকভাবে নতুন জার্সি তুলে দেন।

টিম ম্যানেজার মিনহাজ হোসেন জানান, ফুটবলের দেশ ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের মাঝে ক্রিকেটসহ দেশীয় খেলাধুলার উন্মাদনা তৈরি করতেই এই ক্লাবের সূচনা। ভবিষ্যতে ক্রিকেটের পাশাপাশি বাংলাদেশের ঐতিহ্যবাহী অন্যান্য খেলাধুলার আয়োজনও করা হবে, যা প্রবাসীদের পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে।