logo

কৃষিতে অবদানের জন্য রোমে আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত বাংলাদেশের বিলকিস খাতুন

ইসমাইল হোসেন স্বপন, ইতালি
কৃষিতে অবদানের জন্য রোমে আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত বাংলাদেশের বিলকিস খাতুন
ইতালির রোমে অনুষ্ঠিত সম্মেলনে বিলকিস খাতুনের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

খাদ্য উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশের বিলকিস খাতুন। ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড ফুড ফোরাম ২০২৬’ এ বিলকিস খাতুনের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়। সম্মেলনে কৃষি, খাদ্যব্যবস্থা এবং গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯৬টি সদস্যরাষ্ট্রের ১০০ জন নারীকে বিশেষ সম্মাননা প্রদান করে এফএও। ‘হান্ড্রেড উইমেন হিরোস ইন এগ্রিফুড সিস্টেমস অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট’ শীর্ষক এ বৈশ্বিক তালিকায় স্থান করে নেন বিলকিস খাতুন।

বৈশ্বিক খাদ্য নিরাপত্তা, টেকসই কৃষি এবং কৃষি খাতে উদ্ভাবন নিয়ে আয়োজিত এ আন্তর্জাতিক ফোরামে অংশ নিয়েছে বাংলাদেশ প্রতিনিধিদল। গ্রামীণ অগ্রগতি ও কৃষিখাতে নারীদের নেতৃত্বকে আন্তর্জাতিকভাবে তুলে ধরার ক্ষেত্রে এটিকে বড় স্বীকৃতি হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।

১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি, সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরাও

সম্মেলনে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও এফএও-তে দেশের স্থায়ী প্রতিনিধি এ.টি.এম রকিবুল হকের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল এ সম্মেলনে অংশ নেয়। আজকের উদ্ভাবন, আগামী দিনের পুষ্টি (“Innovate Today. Nourish Tomorrow”) —এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এবারের ফোরামে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, টেকসই কৃষির প্রসার, জলবায়ু সহনশীল খাদ্যব্যবস্থা গড়ে তোলা এবং কৃষি প্রযুক্তির সম্প্রসারণে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

ফোরামের অংশ হিসেবে আয়োজিত ‘গ্লোবাল ইয়ুথ ফোরাম’-এর আওতায় ৩৫টি নতুন ‘ন্যাশনাল ইয়ুথ চ্যাপ্টার’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এই উদ্যোগে বাংলাদেশের তরুণ কৃষি উদ্যোক্তা ও কৃষিবিজ্ঞান সংশ্লিষ্ট শিক্ষার্থীরাও সক্রিয়ভাবে অংশ নেন।

ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ার গেমঘরে, দেশে থেকেই মুক্তিপণ নিতো আ.লীগ নেতা

কৃষি ও খাদ্যব্যবস্থাকে টেকসই ও প্রযুক্তিবান্ধব করা এবং তরুণ প্রজন্মকে কৃষিতে সম্পৃক্ত করতে ওয়ার্ল্ড ফুড ফোরাম একটি কার্যকর আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। বিশ্লেষকদের মতে, এ ফোরামে বাংলাদেশের বলিষ্ঠ অংশগ্রহণ বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি দেশের কৃষি সম্ভাবনা ও উদ্ভাবনী অভিজ্ঞতা তুলে ধরতে সহায়ক ভূমিকা রাখবে।