যুক্তরাষ্ট্রে বিরল নজির, মেয়র হিসেবে শপথ বাংলাদেশি-আমেরিকান মুহিতের

কেবল মিশিগান নয়, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক বিরল ঘটনার মধ্য দিয়ে প্রথম বাংলাদেশি অ্যামেরিকান হিসেবে দেশটির মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামিক সিটির মেয়র হিসেবে শপথ নিলেন মুহিত মাহমুদ।
ভোট গণনা, পুনর্গণনা, আদালতের শুনানি ও দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটিয়ে রোববার দুপুরে হ্যামট্রামিক কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা ও বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন। একত্রিশতম ডিস্ট্রিক্ট কোর্টের প্রধান বিচারক অ্যালেক্সিস জি. ক্রট মুহিত মাহমুদকে শপথবাক্য পাঠ করান। পরে মেয়র হিসেবে বক্তব্যে তিনি সব কমিউনিটির মানুষকে সঙ্গে নিয়ে হ্যামট্রামিককে আরও উন্নত ও আদর্শ শহর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন।
মিশিগানে প্রাইমারি নির্বাচনে প্রার্থী বাংলাদেশি মিনহাজ, প্রচারে যত প্রতিশ্রুতি
মুহিত মাহমুদের মেয়র নির্বাচনের পথ ছিল দীর্ঘ ও চ্যালেঞ্জিং। ২০২৫ সালের ৪ নভেম্বরের নির্বাচনে তিনি অ্যাডাম আল-হারবির চেয়ে ১১ ভোটে পিছিয়ে ছিলেন। পরে গণনার বাইরে থাকা ৩৭টি অনুপস্থিত ব্যালট নিয়ে শুরু হয় আইনি লড়াই।

২০২৬ সালের ১৬ অক্টোবর আদালতের নির্দেশে ওই ব্যালটগুলো গণনা করা হলে মুহিত মাহমুদ পান ২৯ ভোট এবং আল-হারবি পান ৬ ভোট। এতে মুহিতের মোট ভোট দাঁড়ায় ২ হাজার ৮৯, আর আল-হারবির ২ হাজার ৭৭ অর্থাৎ ১২ ভোটের ব্যবধানে এগিয়ে যান মুহিত।

এরপর তার আবাসিক যোগ্যতা নিয়েও মামলা হয়। ৩০ অক্টোবর আদালত তার মেয়র হওয়ার প্রয়োজনীয় আবাসিক শর্ত পূরণের বিষয়টি নিশ্চিত করে। ৪ নভেম্বর ওয়েইন কাউন্টি বোর্ড অব ক্যানভাসার্স তার বিজয় আনুষ্ঠানিকভাবে প্রত্যয়ন করে।
মিশিগানের হ্যামট্রাম্যাকের মেয়র হলেন বাংলাদেশি মুহিত
অবশেষে ৮ নভেম্বর শপথের মাধ্যমে সেই দীর্ঘ অপেক্ষার অবসান হলো। মুহিত মাহমুদের এই অর্জন মিশিগানের বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির রাজনৈতিক অগ্রযাত্রায় একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।