মিশিগানে আবদুল এল সায়েদের বিজয় উদ্যাপন বিসমিল্লাহ কাবাবের

যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশি কমিউনিটির সদস্যদের নিয়ে মার্কিন সিনেটে নির্বাচিত আবদুল এল সায়েদের বিজয় উদ্যাপন করেছে বিসমিল্লাহ কাবাব এন কারি ক্যাফে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যাফের হলরুমে আয়োজিত এ বিজয় উদ্যাপন অনুষ্ঠান উপস্থাপনা করেন বিসমিল্লাহ কাবাবের সিইও মুহিবুর চৌধুরী সুহেল। এতে উপস্থিত ছিলেন সিটি অব ওয়ারেনের রিভিউ বোর্ডের ভাইস চেয়ারম্যান ফয়সাল আহমেদ, ফিটজেরাল্ড বোর্ড অব এডুকেশনের ট্রাস্টি খাজা সাহাব আহমেদ, সিটি অব ওয়ারেনের প্লানিং কমিশনার সৈয়দ সাহেদুল হক, সিটি অব ওয়ারেনের কমিশনার সাব্বির খানসহ স্থানীয় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা আবদুল এল সায়েদের বিজয়কে মিশিগানের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেন। তাঁর বিজয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে বক্তারা বলেন, এ অর্জন বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির জন্যও আনন্দ ও গর্বের বিষয়।
আলোচনা পর্ব শেষে বিজয়ের আনন্দ ভাগাভাগি করে নিতে উপস্থিত অতিথিদের মিষ্টিমুখ করানো হয়। এ সময় পুরো আয়োজনে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠান থেকে কমিউনিটির স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এবং পারস্পরিক ঐক্য, সম্প্রীতি ও সহযোগিতার ভিত্তিতে সম্মিলিতভাবে কাজ করার জন্য সবার প্রতি আহবান জানানো হয়।
