‘কন্যাকে রক্ষায় যে কোনো বাবা মেগাটনের থাপ্পড় মারার ক্ষমতা রাখে’

যে কোনো বাবাই তার কন্যাকে যে কোনো পশু থেকে রক্ষা করার জন্য বিচারের অপেক্ষা না করেই মেগাটনের থাপ্পড় বা লাথি মারার ক্ষমতা রাখে বলে মন্তব্য করেছেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন।
শনিবার (২৪ অক্টোবর) ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে মাহবুব কবির লেখেন, যে কোনো পিতাই তার কন্যাকে যে কোনো পশু থেকে রক্ষা করার জন্য মেগাটনের থাপ্পড় বা লাথি মারার ক্ষমতা রাখে, বিচারের অপেক্ষা না করেই। এটা হিট অব দ্য মোমেন্ট। আমি হলেও তা-ই করব বা আরও বেশি করব।
বিদেশের আইনি অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘একবার সিঙ্গাপুরে এক নির্জন রাস্তায় যাত্রীছাউনিতে পাঁচ ছয় বছরের ছোট্ট এক মেয়ে একা বসে আছে দেখে ভাবলাম, হারিয়ে গেছে বোধহয়। অথবা কোনো বিপদে পড়েছে কিনা ভেবে তার সাথে কথা বলার জন্য এগিয়ে যেতেই পেছন থেকে সিঙ্গাপুরের সিটিজেন কাজিন আমাকে পিছন থেকে হুড়মুড় করে টেনে নিয়ে গেল। ভাই আপনি করেছেন কী! এখানে বাচ্চা কখনোই হারাবে না। আর বিপদে পড়লে পুলিশ আছে। আপনি ছোট্ট বাচ্চার পাশে গিয়ে বসলেই বরং সন্দেহ করে পুলিশ আপনাকেই ধরে নিয়ে যাবে।’
‘অস্ট্রেলিয়ার সিটিজেন আমার ছোট বোনের একমাত্র বাচ্চা একেবারে শিশু অবস্থায় দেশ ছেড়ে সেখানে চলে যায়। এরপর বাচ্চার ৫/৬ বয়সে দেশে বেড়াতে আসলে আমি ভাগ্নির মাথায় আদর করে একবার চুমু দিয়েছিলাম। সে তার মাকে বলেছিল, খালু আমাকে টাচ করেছে কেন? অথচ আদর করেছিলাম ওর মায়ের সামনেই। বিদেশে বাচ্চাদের এভাবেই শিক্ষা দেওয়া হয়।’
‘এই হলো বাইরের জগৎ। এটাই স্বাভাবিক। তাদের শিক্ষা, আইন ও সুস্থ পরিবেশ আজ তাদের উন্নতির চরম শিখরে নিয়ে গেছে। আমরা সব অপকর্ম কুকর্ম অন্যায় অনিয়িম নির্যাতন দুর্নীতি অবিচার অত্যাচার ব্যভিচার জেনা বলাৎকার নির্দ্বিধায় করে চলেছি। কেন? কেন এত সাহস পাই? কেন কর্ম ও ধর্ম আমাদের ঠিক করতে পারছে না!
‘কারণ সমস্যা অনেক গভীরে। আরও খারাপ হবে। ধ্বংস হয়ে যাবে সবকিছু। কারণ আমরা কেউ সৎ কর্মশীল নই। আমরা জানি এই দেশের বিচারব্যবস্থা। আমরা জানি যতই অপরাধ করি না কেন, দুই দিন পর জামিনে বের হয়ে আসব। পাঁচবার জামিনে বের হয়ে পাঁচবার খুন করলেও জামিনদারের কোনো বিচার বা শাস্তি হবে না।’
‘আমরা জানি বা আমাদের বলা হয়, আশ্বস্ত করা হয়, শুধু নামাজ পড়লেই সব কুকর্ম মাফ হয়ে যাবে। জেনা, ধর্ষণ, হত্যা, দুর্নীতি, বলাৎকার, যা-ই করো না কেন, নামাজ ছাড়া যাবে না। তো নামাজ মিস হয় না, কুকর্মও মিস হয় না আমার।’
মাহবুব কবির বলেন, ‘এবার বুঝে নিন, নারী শুধু ভোগের বস্তু এবং তা হালাল, সেই সেন্সের উৎপত্তি কোথা থেকে এবং কেন হয়েছে। তার মানে শুধু নামাজ পড়লে সৎ কর্মশীল হবার কোনো প্রয়োজন নেই। অথচ আল্লাহপাক সৎ কর্মশীল হবার কথা বারবার বলেছেন। নামাজ, রোজা, হজ্ব, যাকাত সৎ কর্মের একটা অংশ মাত্র। হজরত লুত (আ.)-এর অভিশপ্ত কওম হাসবে একদিন আমাদের দেখে। অথবা হেসেই চলেছে।’
এই পোস্টের কমেন্ট বক্সে মাহবুব করির মিলন নোট দিয়ে লেখেন, ‘ধর্ম ব্যবসায়ীরা অমানুষদের মাথায় অতি সহজেই ঢুকিয়ে দিয়েছে, সব কুকর্ম করা যাবে। ধর্ষণ, জেনা, বলাৎকার, হত্যা, দুর্নীতি, জুলুম, অন্যায়, অবিচার। শুধু নামাজ ছাড়া যাবে না। ব্যস পুরো জাতি নামাজি হয়ে গেল। কিন্তু মানুষ নেই একটাও। অথচ আল্লাহপাক কুরআন বা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বা ইঙ্গিত কোথাও দেননি বা বলেননি।’

