Advertisement

আয় নিয়ে বড় পরিবর্তন আনছে এক্স

এশিয়া পোস্ট ডেস্ক
আয় নিয়ে বড় পরিবর্তন আনছে এক্স
ছবি: সংগৃহীত

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) তাদের বহুল ব্যবহৃত ‘ক্রিয়েটর রেভিনিউ শেয়ার প্রোগ্রাম’ আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেছে। এর পরিবর্তে প্ল্যাটফর্মটিতে চালু করা হয়েছে নতুন ‘অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডস প্রোগ্রাম’, যার মূল লক্ষ্য মৌলিক কনটেন্ট বা সৃজনশীল কাজ তৈরি করা ক্রিয়েটরদের যথাযথ মূল্যায়ন ও পুরস্কৃত করা।

Advertisement

গত শুক্রবার (৭ আগস্ট) প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক ‘এক্স ক্রিয়েটরস’ হ্যান্ডেলে এই বড় পরিবর্তনের কথা জানানো হয়।

এক্স জানিয়েছে, নতুন এই কর্মসূচির মাধ্যমে মৌলিক ধারণা, বিশেষজ্ঞ মতামত, মানসম্মত রিপোর্টিং, সৃজনশীলতা ও বিশ্লেষণধর্মী মন্তব্য নিয়ে আসা ক্রিয়েটরদের আর্থিক সুবিধা দেওয়া হবে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘আজ আমরা অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডস প্রোগ্রাম চালু করছি; এটি এক্স-এ যেসব ক্রিয়েটর মৌলিক ধারণা, বিশেষজ্ঞ মতামত, রিপোর্টিং, সৃজনশীলতা ও মন্তব্য নিয়ে আসেন তাদের পুরস্কৃত করার একটি নতুন মাধ্যম। এক্স-এর বিবর্তনের সঙ্গে সঙ্গে ক্রিয়েটরদের উপার্জনের পদ্ধতিও আমরা পরিবর্তন করছি। অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডস প্রোগ্রামটি মূলত সেসব ক্রিয়েটরদের পুরস্কৃত করার জন্য তৈরি করা হয়েছে যারা প্রতিদিন এক্স খোলার উপযোগী করে তোলেন।’

বর্তমান রেভিনিউ-শেয়ারিং প্রোগ্রামে নতুন কোনো আবেদন গ্রহণ করা হচ্ছে না। তবে এর বর্তমান সদস্যরা আগামী ২০২৬ সালের ৭ সেপ্টেম্বর পর্যন্ত আয় করার সুযোগ পাবেন। এই সময়ের মধ্যে তারা নির্ধারিত তিন দফায় অর্থাৎ আগামী ১৪ আগস্ট, ২৮ আগস্ট এবং ১১ সেপ্টেম্বরে চূড়ান্ত পে-আউট বা অর্থ গ্রহণ করবেন।

এক্স আরও জানিয়েছে, আগামী ২০২৬ সালের ৮ সেপ্টেম্বর থেকে রেভিনিউ শেয়ারিংয়ের বর্তমান সদস্যরা নতুন অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডস প্রোগ্রামে আবেদন করার সুযোগ পাবেন।

নতুন প্রোগ্রামের যোগ্যতার শর্তাবলি

এই কার্যক্রমে যুক্ত হতে ব্যবহারকারীদের এক্স-এর নির্ধারিত কিছু সুনির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে:

  • প্ল্যাটফর্মটির প্রিমিয়াম, প্রিমিয়াম+ অথবা প্রিমিয়াম বিজনেস সাবস্ক্রাইব করা থাকতে হবে।
  • ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
  • কমপক্ষে ৫০০ জন ভেরিফাইড ফলোয়ার থাকতে হবে।
  • গত ৯০ দিনের মধ্যে হোম টাইমলাইনে অন্তত ৫,০০,০০০ ভেরিফাইড ইমপ্রেশন থাকতে হবে (রিপ্লাই বা মন্তব্য বাদে)।

আয়ের পদ্ধতি ও পে-আউট

এই প্রোগ্রামের আওতায় যোগ্য ক্রিয়েটররা তাদের মৌলিক বা অরিজিনাল কনটেন্ট থেকে প্রাপ্ত ইমপ্রেশনের ভিত্তিতে আয় করবেন। এখানে ‘যোগ্য ইমপ্রেশন’ বলতে হোম টাইমলাইন ফিডে প্রিমিয়াম ব্যবহারকারীদের থেকে পাওয়া ইউনিক ইমপ্রেশনকে বোঝানো হবে, যেখানে পোস্টের অন্তত ৫০ শতাংশ দৃশ্যমান থাকা আবশ্যক।

প্রতি দুই সপ্তাহ পর পর পে-আউট প্রদান করা হবে এবং প্রথম পে-আউট ছাড় করা হবে আগামী ২৮ আগস্ট। এ ছাড়া এক্স স্পষ্ট করে জানিয়েছে, ‘যেসব চলমান রেভিনিউ শেয়ারিং ক্রিয়েটর ৮ সেপ্টেম্বর বা তার পরে যোগ্যতা অর্জন করে অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডস প্রোগ্রামে এনরোল করবেন, তারা ২০২৬ সালের ২৫ সেপ্টেম্বর তাদের প্রথম পেমেন্ট পাবেন।’

অযোগ্যতার শর্ত

অন্য কোনো ক্রিয়েটরের কনটেন্ট হুবহু কপি করা, ব্যাপকভাবে পুনরুৎপাদন করা কিংবা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করে পুনরায় এক্স-এ আপলোড করা হলে সেই কনটেন্ট পে-আউটের জন্য সম্পূর্ণ অযোগ্য বলে বিবেচিত হবে।