logo

গ্রেপ্তার না করলে প্রতি ট্রেন থেকে দুজন করে স্টাফ তুলব আমি: আম্মার

গ্রেপ্তার না করলে প্রতি ট্রেন থেকে দুজন করে স্টাফ তুলব আমি: আম্মার
শিক্ষার্থীদের নিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচিতে সালাউদ্দীন আম্মার। ছবি : তার ফেসবুক আইডি থেকে নেওয়া

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে রাজশাহী রেলওয়ে স্টেশনে মারধরের ঘটনায় রাকসুর জিএস সালাউদ্দীন আম্মার ক্ষোভ প্রকাশ করেন। এ ঘটনায় জড়িতদের এক ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না করলে প্রতিটি ট্রেন থেকে দুজন করে স্টাফ তুলে নেবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে এ বিষয়ে ক্ষোভ জানান তিনি।

এরপর তিনি সময় বেঁধে দিয়ে রাত ১২টার দিকে শিক্ষার্থীদের নিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচিতে নামেন।

এর আগে রেল কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘আমার শিক্ষার্থীদের গায়ে হাত দিবা? ক্যাম্পাসের উপর দিয়ে ট্রেন চললে ভালোভাবে চলতে হবে। ১ ঘণ্টার মধ্যে গ্রেফতার না করলে প্রত্যেক ট্রেন থেকে ২ জন করে ট্রেন স্টাফ তুলব আমি। আমার ব্যাপারে যা ব্যবস্থা নেওয়ার নিবেন।’

পোস্টে তিনি আরও দাবি করেন, ‘আইয়ুব আলী যাত্রী ছিলেন না; ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে সমস্যা হওয়ায় সেখানে গিয়ে প্রতিবাদ করাই তার অপরাধ। তার মাথায় রক্ত জমাট বেঁধেছে এবং অপারেশন করতে হবে।’ তিনি উল্লেখ করেন। তবে এসব দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।’

শেষে তিনি আরও লেখেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর এত প্রতিহিংসা কিসের, এটা দেখতে চাই।’

অন্য এক পোস্টে সালাউদ্দিন আম্মার লেখেন, ‘আমার শিক্ষার্থীদের পক্ষ থেকে আমি বিন্দুপরিমান এ্যাপলজি করবো না। কথায় কথায় শিক্ষার্থীদের গায়ে হাত তোলার পরিমাণ ভয়ানক সেটা আজ বুঝেছে হয়তো। একজন সাধারণ মানুষেরও বিন্দুপরিমান ক্ষতি হয়নি। যদি ক্ষতিপূরণ নিতে হয় তাহলে শিক্ষার্থীদের উপর হামলাকারীদের থেকে নিবেন। যদি মামলা করতে হয় তাহলে তাদের নামে মামলা করেন। আমার শিক্ষার্থীদের এক ফোটা রক্তের হিসাবও আমরা নিব।’