হাসপাতালে আওয়ামী লীগের সন্ত্রাসী হামলা যুদ্ধাপরাধ: উপ-প্রেস সচিব

গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের মালিকানাধীন হাসপাতালে রামদা ও কুড়াল হাতে মহড়া দিয়ে আগুন দেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে এ হামলাকে আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে মো. সুজাউদ্দৌলা লেখেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম কোথায় গিয়ে ঠেকেছে! গাজার মতো যুদ্ধাঙ্গনে হাসপাতালে হামলা করতে দেখেছি, আওয়ামী লীগ কি সেই দিকে যেতে চাইছে? তবে এটাকে কিন্তু যুদ্ধাপরাধ হিসেবে ধরা হয়। সুতারাং তারা সে অপরাধ করে ফেলেছে অলরেডি।’
আন্তর্জাতিক আইনের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘গোপালগঞ্জে আওয়ামী লীগের তাণ্ডবের মধ্যে রামদা ও কুড়াল হাতে মহড়া এবং হাসপাতালে আগুন দেওয়ার ঘটনা আন্তর্জাতিক মানবিক আইনের আলোকে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী সশস্ত্র সংঘাতের সময় হাসপাতাল ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের ওপর ইচ্ছাকৃত হামলা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে।’
‘১৯৪৯ সালের জেনেভা কনভেনশন অনুযায়ী, সশস্ত্র সংঘাতের সময় হাসপাতাল, চিকিৎসাকর্মী, রোগী ও আহত ব্যক্তিদের বিশেষ সুরক্ষা দিতে হবে। কনভেনশনের ১৯৭৭ সালের অতিরিক্ত প্রটোকলেও চিকিৎসাপ্রতিষ্ঠানের সুরক্ষা নিশ্চিত করার বাধ্যবাধকতা রয়েছে।’
‘অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতিষ্ঠাকালীন দলিল রোম সংবিধির (Rome Statute) ৮ অনুচ্ছেদে নির্দিষ্ট শর্তে হাসপাতাল ও চিকিৎসাপ্রতিষ্ঠানের ওপর ইচ্ছাকৃত হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।’
উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা লেখেন, ‘গোপালগঞ্জের হাসপাতালে অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত গুরুতর। হাসপাতালে হামলা রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা বিপন্ন করতে পারে। এমন ঘটনায় দায়ীদের শনাক্ত, নিরপেক্ষ তদন্ত এবং প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার দাবি উঠেছে।’






