১০০ কোটি টাকায় ঢাকার দুই সিটিতে হচ্ছে ২৩ ফুটসাল মাঠ

রাজধানীর শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াতে ঢাকার দুই সিটি করপোরেশনে তৈরি হচ্ছে ২৩ ফুটসাল মাঠ। এ জন্য সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ১০০ কোটি ৮০ লাখ টাকার দুটি প্রকল্প প্রস্তাব পাঠিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। উত্তর সিটির ১২টি মাঠের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৫১ কোটি টাকা। আর দক্ষিণ সিটির ১১টি মাঠের জন্য নির্ধারণ করা হয়েছে ৪৯ কোটি ৮০ লাখ টাকা। মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন পেলে দরপত্র ডেকে মাঠ নির্মাণের কাজ শুরু হবে।
ফুটসাল ফুটবলেরই ছোট সংস্করণ। কৃত্রিম ঘাস বা বিশেষ মেঝেতে নির্দিষ্ট সীমানার ভেতরে এটি খেলা হয়। জায়গা কম লাগে বলে ঘনবসতিপূর্ণ শহরে এর জনপ্রিয়তা বাড়ছে।
ঢাকা উত্তর সিটির প্রকৌশল বিভাগের পরিবেশ শাখা জানিয়েছে, মাঠের আকার ও সুযোগ-সুবিধা অনুযায়ী ক, খ ও গ; এই তিন শ্রেণির মাঠ হবে। প্রস্তাবিত ১২টির সাতটি ক শ্রেণির, চারটি খ শ্রেণির এবং একটি গ শ্রেণির। ক শ্রেণির মাঠে খেলার জায়গার পাশাপাশি দর্শকদের বসার গ্যালারি থাকবে। খ শ্রেণির মাঠে গ্যালারি থাকবে না, তবে থাকবে শৌচাগার ব্লক। গ শ্রেণির মাঠে থাকবে শুধু খেলার জায়গা।
ক শ্রেণির মাঠগুলোর মধ্যে রয়েছে ২ নম্বর ওয়ার্ডে মিরপুরের সেকশন-১২-এর কেন্দ্রীয় ঈদগাহ ও খেলার মাঠ (লাল মাঠ) এবং ৩৭ নম্বর ওয়ার্ডের একটি মাঠ। খ শ্রেণির চারটি মাঠ হবে ৪১ নম্বর ওয়ার্ডের বড়বেরাইদ এলাকায়, ৪৬ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুরে এবং দক্ষিণখানের ৪৮ ও ৪৯ নম্বর ওয়ার্ডের দুটি খেলার মাঠে। একমাত্র গ শ্রেণির মাঠটির প্রস্তাব দেওয়া হয়েছে ৬ নম্বর ওয়ার্ডের ইস্টার্ন হাউজিং পল্লবী দ্বিতীয় পর্বের জহুরুল হক খেলার মাঠে।
উত্তর সিটির হিসাবে, সংস্থাটির এলাকায় বিভিন্ন সংস্থা ও মন্ত্রণালয়ের অধীনে মোট ৭৬টি মাঠ ও পার্ক আছে। এর মধ্যে ৩৭টির মালিকানা ও তত্ত্বাবধান উত্তর সিটির নিজের। প্রকল্পের ১২টি মাঠের বাইরে মিরপুরের কালশী উড়ালসড়কের নিচের খালি জায়গায় নিজস্ব অর্থায়নে আরেকটি ফুটসাল মাঠ বানানোর প্রক্রিয়া চলছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, ‘বর্তমান সরকারের অঙ্গীকার অনুযায়ী যেখানে খালি জায়গা থাকবে, সেগুলো খেলাধুলার জন্য উন্মুক্ত করে দিতে হবে। শুরুতে প্রতিটি ওয়ার্ডে একটি করে মাঠ করার পরিকল্পনা থাকলেও প্রথম পর্যায়ে ১২টি মাঠের প্রস্তাব পাঠানো হয়েছে। এগুলোর রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করে পরবর্তী সময়ে অন্য ওয়ার্ডগুলোতেও উদ্যোগ নেওয়া হবে।’
দক্ষিণ সিটির তালিকায় আগে থেকে ১৮টি মাঠ ও ৩০টি পার্ক আছে। এর বাইরে সংস্থাটির ছয়টি অঞ্চলের বিভিন্ন ওয়ার্ডে ১১টি ফুটসাল মাঠের জায়গা বাছাই করা হয়েছে। অঞ্চল-১-এর ১৫ নম্বর ওয়ার্ডে ধানমন্ডি লেকের ৩ নম্বর সেক্টরের ফুডকোর্ট সংলগ্ন খালি জায়গায় (৩৭ দশমিক ২ শতাংশ) এবং ২০ নম্বর ওয়ার্ডে ওসমানী উদ্যানের পশ্চিম প্রান্তে লেক-১-সংলগ্ন জায়গায় (৩৩ দশমিক ০৫ শতাংশ) দুটি মাঠ হবে।
অঞ্চল-৩-এর ৫৫ নম্বর ওয়ার্ডে ঝাউচর লাইফ কেয়ার হাসপাতালের পাশে (৩৩ দশমিক ২৬ শতাংশ) এবং কালুনগর স্লুইস গেটের পাশের খালি জায়গায় (৩৪ দশমিক ২১ শতাংশ) আরও দুটি মাঠের প্রস্তাব করা হয়েছে।
অঞ্চল-৬-এ দুটি তুলনামূলক বড় মাঠ রাখা হয়েছে। একটি ডেমরার আমুলিয়া মৌজার মেন্দীপুর আল হেলাল ক্লাব সংলগ্ন মাঠে (৯৬ দশমিক ৮৩ শতাংশ), অন্যটি ৭৪ নম্বর ওয়ার্ডে খিলগাঁওয়ের নন্দীপাড়া বৈদ্দার ভিটা খেলার মাঠে (৯৭ দশমিক ৩২ শতাংশ)। অঞ্চল-৭-এর ৭৩ নম্বর ওয়ার্ডে কুসুমবাগ এলাকায় মাটির রাস্তা সংলগ্ন খালি জায়গা এবং মানিকদিয়া চেয়ারম্যান বাড়ি এলাকার ভাইগদিয়া বড়বিলে ৪৪ দশমিক ১৩ শতাংশ করে দুটি মাঠ হবে।
অঞ্চল-৯-এর ৬৪ নম্বর ওয়ার্ডে পশ্চিম মোমেনবাগ জামে মসজিদের পূর্ব পাশে, পানির পাম্পসংলগ্ন ডোবার জায়গায় (৬১ দশমিক ৭৫ শতাংশ) মাঠ বানানোর পরিকল্পনা রয়েছে। বাকি দুটি হবে অঞ্চল-১০-এর ৬০ নম্বর ওয়ার্ডে দক্ষিণ জনতাবাগ রইস নগরে (৪৩ দশমিক ৩১ শতাংশ) এবং ইসলামবাগ জিয়া সরণি খালসংলগ্ন এলাকায় (৫৬ দশমিক ৫১ শতাংশ)।
দক্ষিণ সিটির প্রস্তাবিত নকশায় সাত ও পাঁচজন করে খেলোয়াড়ের উপযোগী মূল মাঠের চারপাশে থাকবে হাঁটার পথ, পানি নিষ্কাশনের নালা, সৌরবিদ্যুতের প্যানেল ও জালের বেষ্টনী। কোনো মাঠের নকশা গ্যালারি ছাড়া, কোনোটি গ্যালারি ও সবুজ চত্বরসহ। কয়েকটির জন্য সিটি করপোরেশনের নিজস্ব জায়গা আছে। বাকিগুলোর জন্য জেলা পরিষদের পরিত্যক্ত খাস জমি চিহ্নিত করা হয়েছে।
দক্ষিণ সিটির তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক সাইফুল ইসলাম জয় এশিয়া পোস্টকে বলেন, ‘সম্প্রতিক ঢাকা শহরে মাঠের জায়গার স্বল্পতার কারণে স্বল্প পরিসরে বাচ্চাদের খেলার উপযোগী ও দীর্ঘস্থায়ী ফুটসাল মাঠ তৈরির চিন্তা থেকে এই উদ্যোগের কথা উঠে আসে। ফুটসাল মাঠ তৈরিতে তুলনামূলক কম জায়গা লাগে। যেমন প্রায় ১২০ ফুট বাই ৬০, ৭০ বা ৮০ ফুট এবং পাকা ফ্লোরের ওপর আর্টিফিশিয়াল টার্ফ বসিয়ে বিভিন্ন ছাদ, ভাড়া নেওয়া জায়গা বা রেস্তোরাঁর ওপরে যেভাবে মাঠ তৈরি হচ্ছে, তা থেকে অনুপ্রাণিত হয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এ জন্য ক্রীড়া পরিষদের প্রকৌশলীদের সঙ্গে যোগাযোগ করে তাদের ড্রয়িং, ডিজাইন ও ইস্টিমেট অনুযায়ী রেট শিডিউল ধরে কাজ আমরা একটি প্রকল্প মন্ত্রণালয়ে জমা দিয়েছি। এতে যেসব স্থানে বড় পরিসর পাওয়া গেছে সেখানে গ্যালারিসহ এবং জায়গা কম হলে গ্যালারি ছাড়া ফুটসাল মাঠ করার পরিকল্পনা রয়েছে।’
সরকারি অর্থে বানানো এসব মাঠের ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ জানিয়েছেন নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মুহাম্মদ খান। তিনি এশিয়া পোস্টকে বলেন, ‘ঢাকায় ফুটসালের প্রতি তরুণদের আগ্রহ বাড়ছে। বেসরকারি উদ্যোগে অনেক এলাকায় অর্থের বিনিময়ে খেলার মাঠ গড়ে উঠেছে। সিটি করপোরেশনের এই উদ্যোগ নিঃসন্দেহে ইতিবাচক। তবে মনে রাখতে হবে, নাগরিকদের করের টাকায় এসব মাঠ তৈরি হচ্ছে। তাই এগুলো যেন বাণিজ্যিক প্রতিষ্ঠানের মতো পরিচালিত না হয় এবং অর্থের অভাবে কোনো শিশু-কিশোর বা নাগরিক যেন খেলার সুযোগ থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে হবে।’



