logo

ইসলামী ব্যাংকে আমানত কমেছে ১৬ হাজার কোটি টাকা

ইসলামী ব্যাংকে আমানত কমেছে ১৬ হাজার কোটি টাকা
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

একসময় দেশের বেসরকারি খাতের শীর্ষস্থানীয় ব্যাংক ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমানত সংগ্রহ, বিনিয়োগ ও শাখা বিস্তারে ছিল শক্তিশালী অবস্থান। তবে আর্থিক অনিয়ম, আস্থাহীনতায় গ্রাহকদের আমানত তুলে নেওয়াসহ নানা কারণে গত কয়েক বছরে ব্যাংকটির অবস্থা ক্রমেই নাজুক হয়ে পড়েছে। এর প্রভাব পড়েছে আমানত, আয় ও মুনাফায়। শুধু গত নয় মাসেই কমেছে ১৫ হাজার ৯৫০ কোটি টাকার আমানত।

২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের আমানত ছিল ১ লাখ ৮১ হাজার ৮২০ কোটি টাকা। গত সেপ্টেম্বর শেষে এটি ১ লাখ ৬৫ হাজার ৮৭০ কোটি টাকায় নেমে আসে।

Advertisement

নাম প্রকাশ না করার শর্তে ব্যাংকের একজন কর্মকর্তা এশিয়া পোস্টকে বলেন, সম্প্রতি চাকরিচ্যুত কর্মকর্তা ও সচেতন গ্রাহক ফোরামের আন্দোলন প্রতিষ্ঠানের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। সবচেয়ে বড় বিষয় হলো দীর্ঘদিন ধরে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ নেই। এ নিয়ে নানা জটিলতা তৈরি হয়েছে। অনেক গ্রাহক ব্যাংক থেকে টাকা তুলে নিয়েছেন।

আমানত কমলেও ব্যাংকটির বিনিয়োগ বেড়েছে। ২০২৫ সালের ডিসেম্বর শেষে মোট বিনিয়োগ ছিল ১ লাখ ৮৬ হাজার ৯৫ কোটি টাকা। গত সেপ্টেম্বর শেষে এর পরিমাণ দাঁড়ায় ১ লাখ ৮৮ হাজার ৮৩০ কোটি টাকা। অর্থাৎ নয় মাসে বিনিয়োগ বেড়েছে ২ হাজার ৭৩৫ কোটি টাকা। ফলে আমানত ও বিনিয়োগের ব্যবধান আরও বেড়েছে।

বিনিয়োগ এখন আমানতের চেয়ে প্রায় ২৩ হাজার কোটি টাকা বেশি। ব্যাংক সাধারণত আমানতের অর্থ থেকেই বিনিয়োগ করে। তাই আমানত কমে বিনিয়োগ বাড়লে নগদ অর্থের জোগান, অর্থাৎ তারল্য নিয়ে চাপ বাড়ার শঙ্কা তৈরি হয়।

গত নয় মাসে ব্যাংকটির পরিচালন আয় অর্থাৎ বিনিয়োগ, কমিশনসহ ব্যাংকিং কার্যক্রম থেকে আয় হয়েছে ৬ হাজার ৫৫০ কোটি টাকা। একই সময়ে লোকসান ৩ হাজার ২৮০ কোটি টাকা। ২০২৫ সালের ডিসেম্বর শেষে মুনাফা ছিল ১৬৭ কোটি টাকা।

ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন এশিয়া পোস্টকে বলেন, ‘লোকসান বাড়ার অন্যতম কারণ এস আলম গ্রুপের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ খেলাপি হয়ে পড়া। এসব বিনিয়োগ থেকে এখন কোনো আয় আসছে না। তবে এর বিপরীতে ব্যাংককে প্রভিশন, অর্থাৎ সম্ভাব্য ক্ষতি মেটানোর জন্য আলাদা অর্থ রাখতে হচ্ছে। পাশাপাশি আমানতকারীদের মুনাফা দিতে হচ্ছে। ফলে আয় না থাকলেও ব্যয় বহাল থাকায় লোকসান বাড়ছে।’

তিনি বলেন, ‘এসব বিনিয়োগ একসঙ্গে খেলাপি হয়নি, ধাপে ধাপে চিহ্নিত হয়েছে। নির্দিষ্ট মেয়াদ শেষে বিনিয়োগগুলো খেলাপি হওয়ায় এর প্রভাবও পর্যায়ক্রমে ব্যাংকের আর্থিক হিসাবে প্রতিফলিত হয়েছে।’

ব্যাংকটির মোট দায় অর্থাৎ অন্যদের কাছে দেনা, ২০২৫ সালের ডিসেম্বর শেষে ছিল প্রায় ২ লাখ ৩৬ হাজার কোটি টাকা। গত সেপ্টেম্বর শেষে তা নেমেছে প্রায় ২ লাখ ৩৫ হাজার কোটি টাকায়। আমানত কমেছে প্রায় ১৬ হাজার কোটি টাকা, দায় কমেছে তার চেয়ে অনেক কম।

ব্যাংকিং খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা হয় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খানের সঙ্গে। তিনি এশিয়া পোস্টকে বলেন, ‘বর্তমান বিনিয়োগ পরিস্থিতিতে বেসরকারি খাতের ঋণপ্রবৃদ্ধি নেতিবাচক ধারায় রয়েছে। ঋণ বিতরণ কমে যাওয়ায় ব্যাংকগুলোর আয় কমেছে। এতে পুরো ব্যাংকিং খাত কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছে। দীর্ঘদিন ধরে পরিচালনা পর্ষদ না থাকা ব্যাংকগুলোতে বিতর্কমুক্ত, দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে নতুন পর্ষদ গঠনের কাজ চলছে।’

ইনামুল হোসেন

সম্পাদনা

ইনামুল হোসেন

জ্যেষ্ঠ সহ-সম্পাদক | এশিয়া পোস্ট