নীলফামারীতে ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ সমাবেশ

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শহরের দিনাজপুর রোডে ইসলামী ব্যাংকের সৈয়দপুর শাখার সামনে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের আহ্বায়ক মোখলেছুর রহমান, সদস্য রেজওয়ান হাসান, আবুল কালাম ও আব্দুস সালামসহ অন্যরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের বিপুল মানুষের আমানত ও আর্থিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত একটি প্রতিষ্ঠান। ব্যাংকের স্বচ্ছতা, জবাবদিহিতা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
ফোরামের পক্ষ থেকে বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেনের পদত্যাগ বা অপসারণের দাবি জানানো হয়। একই সঙ্গে ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং খাতে দক্ষ, যোগ্য, সৎ ও নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ ও স্বাধীন পরিচালনা পর্ষদ গঠনের দাবি তোলেন তারা।
বক্তারা আরও দাবি করেন, এস আলমের নামে থাকা ৮২ শতাংশ শেয়ার ও পাচারকৃত সম্পত্তি আইনিভাবে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এসব সম্পদ থেকে ব্যাংকের দায় পরিশোধ এবং ব্যাংকের মালিকানা প্রকৃত উদ্যোক্তা ও শেয়ারহোল্ডারদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করার দাবি জানান তারা।
এ ছাড়া ব্যাংকের অভিজ্ঞ কর্মকর্তাদের ধরে রাখা, ঊর্ধ্বতন কর্মকর্তাদের চাকরির স্থায়িত্ব নিশ্চিত করা এবং ব্যাংকের অভ্যন্তরে অনিয়মে জড়িত বলে চিহ্নিত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
ব্যাংকের অনিয়ম ও অর্থপাচারের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি, অর্থ উদ্ধারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবিও জানান ফোরামের নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, ইসলামী ব্যাংকের সঙ্গে বিপুল গ্রাহকের আমানত ও আর্থিক নিরাপত্তা জড়িত। তাই গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম আরও শক্তিশালী করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
সমাবেশে উত্থাপিত বিভিন্ন অভিযোগের বিষয়ে জানতে ইসলামী ব্যাংকের সৈয়দপুর শাখার জনসংযোগ শাখায় যোগাযোগ করা হয়। নাম প্রকাশ না করে জনসংযোগ কর্মকর্তা জানান, বক্তব্য দেওয়ার ব্যাপারে তাদের নিষেধাজ্ঞা রয়েছে।
