logo

বাস থেকে ফেলে দুই শ্রমিককে হত্যা/একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশাহারা দুই পরিবার

একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশাহারা দুই পরিবার
নীলফামারীর সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়ায় বাস থেকে ফেলে নিহত শ্রমিক শাকিব ও মুকুলের বাড়িতে স্বজনদের আহাজারি। ছবি : এশিয়া পোস্ট

‘বাবা আর ফিরবেন না’ এ কথা বোঝার বয়স হয়নি পাঁচ বছরের খোরশেদ আলমের। তাই মায়ের কাছে বাবার কথা জানতে চাইলে সরল মনে সে বলে, ‘বাবা মজা আনতে গেছে।’ পাশে বসে মায়ের কান্না দেখে কাঁদছে তিন বছরের খালেকুজ্জামানও। অথচ যে বাবার ফেরার অপেক্ষায় রয়েছে খোরশেদ, সেই বাবা আর কোনো দিন ফিরবেন না।

সংসারের হাল ধরা মানুষটিকে হারিয়ে এখন দুই শিশুকে নিয়ে দিশাহারা মা। শুধু একটি পরিবার নয়, একই গ্রামের আরেকটি পরিবারেও নেমে এসেছে শোকের মাতম। জীবিকার তাগিদে বাড়ি থেকে যাওয়া শাকিব ও মুকুলের নিথর দেহ ফিরেছে বাড়িতে। তাদের মৃত্যুতে একসঙ্গে ভেঙে পড়েছে দুটি পরিবার, অনিশ্চয়তায় পড়েছে তিন শিশুর ভবিষ্যৎ।

Advertisement

সোমবার (১৬ নভেম্বর) নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়ায় শাকিবের বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। দুই ছেলেকে বুকে জড়িয়ে বারবার মূর্ছা যাচ্ছেন খুশি আক্তার। বুকভাঙা কান্নায় তিনি বলছিলেন, এ্যালা মুই কেমন করি বাঁচিম? ছোট ছাওয়া দুইটাক কাওয় খাওয়াইবে, পড়াইবে? মোর নির্দোষ স্বামীক কেন মারিল? মুই কোনটে যাইম, কী করিম? কার কাছোত বিচার চাইম

স্বামীর মৃত্যুর শোকের পাশাপাশি এখন সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন তিনি। কীভাবে সন্তানদের বড় করবেন, কীভাবে তাদের মুখে খাবার তুলে দেবেন এসব প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না এই নারী।

শাকিবের মা সাদেকা খাতুনও ছেলের শোক সইতে পারছেন না। কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। প্রতিবেশীরা মুখে ও মাথায় পানি দিয়ে তার জ্ঞান ফেরান। এরপরও কান্নাজড়িত কণ্ঠে তিনি বলতে থাকেন, মোর ছেলেটার দোষ কী? কেন ওক গাড়ি থাকি ফেলে দিয়া মারিল? মোর বাবা তো কারও ক্ষতি করত না। হামাক দেখবার যে আর কাওয় থাকিল না। যায় মোর ব্যাটাক মারছে, তার বিচার চাও।

রোববার রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার জিগাতলা এলাকায় ‘সায়মন এক্সক্লুসিভ’ পরিবহনের একটি বাস থেকে ফেলে শাকিব বসুনিয়া ও মুকুল ইসলামকে হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনায় দুজনেরই মৃত্যু হয়। শাকিবের বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরেই মুকুলের বাড়ি। একই গ্রামের দুই ব্যক্তির এমন মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শাকিবের সংসারে স্ত্রী ও দুই শিশুসন্তান ছাড়া আর কোনো উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন না। তার নিজের কোনো জমিও নেই। তিন শতক জমির ওপর টিনের ঘরে চার ভাইয়ের বসবাস। পরিবারের সদস্যরা দিনমজুরি করে সংসার চালান। শাকিবও কাজ করে সংসারের খরচ জোগাতেন। এখন সেই পরিবারে প্রতিদিনের খাবার থেকে শুরু করে সন্তানদের পড়াশোনার খরচ সবকিছু নিয়েই তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা।

শাকিবের বোন শরিফা বেগম বলেন, ভাই দুই মাস পর পর বাড়ি আইসে। শুক্রবারে কথা হইছে ভাই বাড়ি আসবে। কিন্তু ভাই যে বাড়ি আসি মারা যাইবে, তাক কাওয় জানে। এমন হইলে তো ভাইয়োক আসির মানা করনো হয়। এখন ছাওয়াগুলার কী হইবে।

অন্যদিকে মুকুল ইসলামের সংসারেও রয়েছে স্ত্রী ও এক শিশুসন্তান। তারও কোনো জমিজমা নেই। অন্যের জমিতে ঘর তুলে বসবাস করেন তিনি। বাবা ও ছোট ভাই দিনমজুরি করে সংসার চালান। পরিবারের জন্য কাজের সন্ধানে বাইরে যেতেন মুকুল। তার মৃত্যুতে স্ত্রী-সন্তানসহ পুরো পরিবার এখন দিশেহারা।

মুকুলের স্ত্রী জাহিদা বেগম বলেন, আমার কিছু বলার নাই। আমাকে উনার (স্বামী) মতো উঠাই নেক। মাসুমটাকে এতিম করল। কীভাবে কী করব, বুঝতে পারছি না। আমার সাথে কেন এমন হইলো।

মুকুলের মা মুক্তা বেগমও ছেলের মৃত্যুতে বারবার কান্নায় ভেঙে পড়ছেন। একপর্যায়ে কাঁদতে কাঁদতে বলেন, এ্যালা কাওয় হামাক দেখবে, কাওয় মাও কইয়া ডাকবে, ছোট নাতিটা যে এতিম হয়া গেল। ওমাক কাওয় পড়ার খরচ দিবে।

স্থানীয় বাসিন্দারা জানান, এই গ্রামের অনেক মানুষ জীবিকার তাগিদে দেশের বিভিন্ন এলাকায় যান। কেউ রাজমিস্ত্রির কাজ করেন, কেউ দিনমজুরি। শাকিব ও মুকুলও কাজের জন্য বাড়ির বাইরে যেতেন এবং কয়েক মাস পরপর বাড়ি ফিরতেন। পরিবারের মুখে খাবার তুলে দিতে দূর-দূরান্তে কাজ করতে যাওয়া দুই শ্রমিকের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজন ও প্রতিবেশীরা।

প্রতিবেশী আবু সাঈদ বলেন, কুমিল্লায় রাজমিস্ত্রির কাজ করে অনেক কষ্ট করে মুকুল বাবা-মা, স্ত্রী-সন্তানদের মুখে ভাত তুলে দেন। এভাবে তার মৃত্যু হবে কল্পনা করতে পারছি না। তার মৃত্যুতে পুরো পরিবার এখন দিশেহারা। কীভাবে পাঁচ সদস্যের সংসার চলবে?

চড়াইখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা বলেন, শাকিব ও মুকুলের পরিবার একেবারেই অসহায়। তারা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান। গ্রামের অধিকাংশ মানুষ কুমিল্লা, সিলেট ও ঢাকায় কাজ করেন। মুকুলের পরিবার আমার জমিতেই থাকেন। তাদের এমন মৃত্যুতে আমরা শোকাহত।

ইউপি সদস্য মতিউল ইসলাম বলেন, মুকুল ও শাকিবের পরিবারের অবস্থা খুবই করুণ। দিনমজুরি করে তাদের সংসার চলছিল। এক দিন কাজ না করলে স্ত্রী-সন্তানদের মুখে ভাত জোটে না। তাদের দুজনের ছোট তিনটি ছেলে রয়েছে। তাদের মৃত্যুতে পরিবার দুটি নিঃস্ব হয়ে গেল।

দুই শ্রমিক নিহতের ঘটনায় রোববার তারাগঞ্জ থানায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে। মামলার বাদী হয়েছেন নিহত মুকুল ইসলামের বাবা মহুবার হোসেন।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, চালক ও বাসের সহকারীকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।