logo

‘এখন আমাদের কে খাওয়াবে’, শাকিবের মৃত্যুতে দিশাহারা স্ত্রী

‘এখন আমাদের কে খাওয়াবে’, শাকিবের মৃত্যুতে দিশাহারা স্ত্রী
নিহত শাকিব বসুনিয়ার স্ত্রী খুশী বেগমের আহাজারি। ছবি : এশিয়া পোস্ট

‘আমার ছোট দুটি বাচ্চা রয়েছে। এখন আমাদের পরিবার কীভাবে চলবে? আমাদের কে আয়-রোজগার করে খাওয়াবে?’ স্বামীকে হারিয়ে এমন প্রশ্ন এখন শাকিব বসুনিয়ার স্ত্রী খুশী বেগমের। দীর্ঘ দুই মাস পর বাড়ি ফেরার কথা ছিল শাকিবের। বাড়ি ফেরার আগের রাতে স্ত্রীকে ফোন করে বিকাশে এক হাজার টাকা নিয়েছিলেন তিনি। কথা ছিল, পরদিন বাড়ি ফিরবেন। স্বামীর ফেরার অপেক্ষায় ছিলেন খুশী। কিন্তু স্বামী আর ফিরলেন না, ফিরল তার মরদেহ।

শুধু শাকিব নন, একইভাবে বাড়ি ফেরা হয়নি তার সহকর্মী মুকুল ইসলামের (২৮)। বাড়ি ফেরার পথে তারাগঞ্জে একটি বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পর চাকায় পিষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকায় পৌঁছায় শাকিব ও মুকুলের মরদেহ। তাদের মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ।

নিহত শাকিব বসুনিয়া (২২) একই এলাকার লোকমান বসুনিয়ার ছেলে। মুকুল ইসলাম কালু মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, শাকিব ও মুকুল দীর্ঘদিন ধরে কুমিল্লার ময়নামতিতে নির্মাণশ্রমিকের কাজ করতেন। দুই মাস আগে তারা সেখানে কাজ করতে যান। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বাড়ি ফেরার প্রস্তুতি নেন তারা। এ সময় শাকিব তার স্ত্রী খুশী বেগমের কাছে বিকাশে এক হাজার টাকা চান। স্ত্রী টাকা পাঠানোর পর মুকুলসহ পাঁচ শ্রমিক বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

রোববার ভোরে শাকিব ও মুকুলসহ তিনজন সৈয়দপুরের ওয়াপদা মোড়ে বাস থেকে নেমে বাড়ি যাওয়ার জন্য অটোরিকশার অপেক্ষা করছিলেন। এ সময় তাদের প্রতিবেশী আতিক ইসলাম মোবাইল ফোনে শাকিবকে সেখানে অপেক্ষা করতে বলেন। কিছুক্ষণ পর আবার ফোন করে জানান, তার বাসে সমস্যা হয়েছে। তাদের তারাগঞ্জ বাজারে যেতে বলেন। পরে তারা অটোরিকশায় করে সেখানে পৌঁছান। সেখানে গিয়ে তারা সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসের দরজায় আতিক ইসলামের সঙ্গে হেলপারের ধস্তাধস্তি দেখতে পান। এ সময় শাকিব ও মুকুল বাসে ওঠেন। একপর্যায়ে বাসের হেলপার ও সুপারভাইজার তাদের ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন বলে অভিযোগ উঠেছে। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহত শাকিবের বড় ভাই শাকিল বসুনিয়া জানান, তার ছোট ভাইসহ এলাকার পাঁচজন কুমিল্লার ময়নামতি থেকে বাড়ি ফিরছিলেন। পথে প্রতিবেশী আতিকের সঙ্গে তাদের দেখা হয়। আতিকের কাছে তিন লাখ টাকা ছিল বলে তারা জানতে পেরেছেন। সকালে আতিক ফোন করে বাসের হেলপারের সঙ্গে ঝামেলার কথা জানিয়ে তাদের তারাগঞ্জে যেতে বলেন। সেখানে গিয়ে বাসের দরজায় ধস্তাধস্তি দেখতে পান তারা। পরে শাকিব ও মুকুল বাসে উঠলে তাদের ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।

ছেলের মৃত্যুর বিচার দাবি করে শাকিবের মা সোবেজা খাতুন বলেন, ‘আমার ছেলের কী অপরাধ ছিল? তাকে কেন মেরে ফেলা হলো? কত আশা করে অপেক্ষা করছিলাম, ছেলে আজ বাড়ি ফিরবে। কিন্তু সে ফিরল না, ফিরল তার মরদেহ। আমি আমার ছেলের হত্যার বিচার চাই।’

স্বামীকে হারিয়ে দুই সন্তান নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন খুশী বেগম। তিনি বলেন, ‘আমার স্বামী বাড়ি ফেরার জন্য শনিবার রাতে ফোন করে এক হাজার টাকা চেয়েছিল। আমি বিকাশে টাকা পাঠিয়ে দিয়েছিলাম। আজ তার বাড়িতে আসার কথা ছিল। সকালে ফোন করে জানতে পারি, সে মারা গেছে। আমার ছোট দুটি বাচ্চা রয়েছে। এখন আমাদের পরিবার কীভাবে চলবে? আমাদের কে আয়-রোজগার করে খাওয়াবে?’

নিহতদের সঙ্গে বাড়ি ফিরছিলেন তাদের সহকর্মী কাওসার ইসলাম বিজয়। তিনি বলেন, তারা কুমিল্লা থেকে একসঙ্গে বাড়ি ফিরছিলেন। সৈয়দপুরের ওয়াপদা মোড়ে নামার পর আতিকের ফোন পেয়ে তারাগঞ্জে যান। সেখানে বাসের দরজায় আতিকের সঙ্গে হেলপারের ধস্তাধস্তি দেখতে পান। পরে শাকিব ও মুকুল বাসে উঠলে হেলপার ও সুপারভাইজারের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে দুজনকে ধাক্কা দিয়ে সড়কে ফেলে দেওয়া হলে বাসের চাকায় পিষ্ট হয়ে তারা মারা যান। পরে স্থানীয় লোকজন বাসটি আটক করেন। আতিক বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন।

মুকুলের চাচি সালমা খাতুন বলেন, মুকুল খুব ভালো ছেলে ছিলেন। তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনার সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচার চান তারা। পাশাপাশি দরিদ্র পরিবারটির জন্য সরকারি সহায়তার দাবি জানান তিনি।

তারাগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বেনজির আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুজনকে পড়ে থাকতে দেখেন তারা। সেখানে কোনো দুর্ঘটনার আলামত পাওয়া যায়নি।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দি বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বাসের চালক মো. আজির হোসাইন (৩৬) ও হেলপার মো. শফিক বুজুর আলীকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে।

তিনি আরও বলেন, আতিকের কাছে তিন লাখ টাকা থাকার যে কথা বলা হচ্ছে, সেই টাকা গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট