logo

বিদেশ যেতে বিএমইটিতে নিবন্ধন কেন করবেন, কীভাবে করবেন

বিদেশ যেতে বিএমইটিতে নিবন্ধন কেন করবেন, কীভাবে করবেন
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মূল ফটক।

বিদেশে বৈধভাবে কাজ করতে যেতে চাইলে প্রথমে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ডাটাবেজে নাম তুলতে হয়। এই নিবন্ধনের প্রক্রিয়া এখন সরকারি ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্মে অনলাইনে শুরু করা যায়। তবে আঙুলের ছাপ ও ছবির জন্য পরে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে যেতে হয়।

নিবন্ধনের মাধ্যমে বিদেশগামীর নাম ও যোগ্যতার তথ্য সরকারি রেকর্ডে ওঠে। তিনি সরকারিভাবে নিবন্ধিত হিসেবে স্বীকৃতি পান। এতে পরে বহির্গমন ছাড়পত্র ও স্মার্ট কার্ড পাওয়া সহজ হয়। দালাল ও প্রতারকচক্রের ফাঁদ এড়ানোর সুযোগ বাড়ে।

Advertisement

নিবন্ধিত কর্মীরা সরকারি ব্যবস্থাপনায় বা বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কম খরচে বিদেশ যাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পান। প্রবাসে কাজ করার সময় আইনি সহায়তা, কল্যাণ তহবিলের অনুদান ও সরকারি বীমার সুবিধা পেতেও এই নিবন্ধন জরুরি।

বিএমইটি ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয়। এটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন সংস্থা। বিদেশে নিয়োগ প্রক্রিয়া তদারকি, অভিবাসী কর্মীদের অধিকার রক্ষা এবং কর্মীদের দক্ষতা ও প্রশিক্ষণ বাড়ানোর কাজ করে সংস্থাটি।

নিবন্ধন শুরুর আগে প্রয়োজনীয় কাগজপত্র হাতের কাছে রাখতে হবে। প্রথমে ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্মের নিবন্ধন পাতায় ঢুকতে হবে। সেখানে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুযায়ী ইংরেজিতে নাম, মোবাইল নম্বর, এনআইডি নম্বর, জন্মতারিখ এবং বিভাগ ও জেলা বেছে নিতে হবে।

এরপর মোবাইলে একটি পাসওয়ার্ড (ওটিপি) আসবে। সেটি দিয়ে নম্বর যাচাই করে পরের ধাপে পাসপোর্টের তথ্য ও পাসওয়ার্ড দিলে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। পাসপোর্ট না থাকলে শুধু মোবাইল নম্বর ও এনআইডি দিয়েও অ্যাকাউন্ট খোলা যায়। পরে পাসপোর্ট পেলে সেই তথ্য যোগ করে নেওয়ার সুযোগ আছে।

অ্যাকাউন্টে ঢুকে ব্যক্তিগত, পারিবারিক ও শিক্ষাগত যোগ্যতার তথ্য সঠিকভাবে দিতে হবে। এরপর ২০০ টাকা সরকারি ফি দিতে হবে। এই টাকা বিকাশ, নগদ বা সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট ব্যবস্থায় দেওয়া যাবে। টাকা জমা হলে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন হবে। তখন কিউআর কোডসহ একটি নিবন্ধন কার্ড বা স্লিপ নামিয়ে প্রিন্ট নেওয়া যাবে।

অনলাইনের কাজ শেষ হলেই নিবন্ধন চূড়ান্ত হয় না। এটি চূড়ান্ত করতে নিকটস্থ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে যেতে হবে। সঙ্গে নিতে হবে মূল পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র এবং অনলাইন নিবন্ধনের কপি, অর্থাৎ পেমেন্টের রসিদ। সেখানে আঙুলের ছাপ (বায়োমেট্রিক) ও ছবি তোলার কাজ শেষ হলে সরকারিভাবে বৈধ কর্মী হিসেবে গণ্য হবেন। এরপর ভিসা ও আনুষঙ্গিক অন্যান্য কাজ সম্পন্ন করে বিদেশে জনশক্তি হিসেবে যাওয়া সম্ভব।

ইনামুল হোসেন

সম্পাদনা

ইনামুল হোসেন

জ্যেষ্ঠ সহ-সম্পাদক | এশিয়া পোস্ট