logo
Advertisement

মেসিকে নিয়েই আর্জেন্টিনার দল ঘোষণা

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
মেসিকে নিয়েই আর্জেন্টিনার দল ঘোষণা
দলের সঙ্গে লিওনেল মেসি। ছবি : গেটি ইমেজ

জাতীয় দলকে বিদায় জানালেও আর্জেন্টিনার জার্সিতে আরও একবার মাঠে দেখা যাবে লিওনেল মেসিকে। সেপ্টেম্বর-অক্টোবরের আন্তর্জাতিক বিরতির তিন প্রীতি ম্যাচের জন্য ঘোষিত দলে ৩৯ বছর বয়সী এই তারকাকে রেখেছেন কোচ লিওনেল স্কালোনি।

বিশ্বকাপের পর গত আগস্টের শেষ দিকে আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। তবে দেশের হয়ে তার বিদায়টা মাঠ থেকেই দিতে চায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সেই পরিকল্পনার অংশ হিসেবেই নতুন দলে রাখা হয়েছে সাবেক অধিনায়ককে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, আন্তর্জাতিক বিরতিতে তিনটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী ৩০ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ বলিভিয়া। এরপর ৩ অক্টোবর বুরকিনা ফাসো এবং ৬ অক্টোবর বেনিনের মুখোমুখি হবে স্কালোনির দল।

তবে তিন ম্যাচের সবকটিতে মেসির খেলার কথা নেই। আর্জেন্টাইন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিনি খেলবেন শুধু বেনিনের বিপক্ষে শেষ ম্যাচটি। বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামের সেই ম্যাচেই জাতীয় দলের হয়ে মেসিকে আনুষ্ঠানিক বিদায় জানানোর পরিকল্পনা করেছে এএফএ।

মেসির পাশাপাশি দলে আছেন আর্জেন্টিনার নিয়মিত প্রায় সব তারকাই। গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ, ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজ, মাঝমাঠের এনজো ফের্নান্দেস, আলেক্সিস ম্যাক আলিস্টার, রদ্রিগো ডি পল এবং আক্রমণে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজও জায়গা পেয়েছেন।

তরুণদের মধ্যে আছেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, মাতিয়াস সৌলে, নিকো পাজ ও জিয়ানলুকা প্রেসতিয়ান্নি।

প্রীতি ম্যাচের আর্জেন্টিনা দলে খেলবেন যারা

গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ, হুয়ান মুসো, হেরোনিমো রুইয়ি।

ডিফেন্ডার: অগাস্তিন গিয়ায়ে, লেয়ান্দ্রো বালের্দি, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, হুয়ান ফয়েথ, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, রোমান ভেগা।

মিডফিল্ডার: এনজো ফের্নান্দেস, আলেক্সিক ম্যাক আলিস্টার, ভালেন্তিন বার্কো, জিওভানি লো সেলসো, এক্সেকুইয়েল পালাসিওস, রদ্রিগো ডি পল, নিকো পাজ।

ফরোয়ার্ড: ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, মাতিয়াস সৌলে, জিউলিয়ানো সিমেওনে, নিকোলাস গনসালেস, জিয়ানলুকা প্রেসতিয়ান্নি, হোসে মানুয়েল লোপেজ, সান্তিয়াগো কাস্ত্রো, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ ও লিওনেল মেসি।