তৃণমূল ক্রিকেটে অবদানের স্বীকৃতি পেলেন মিঠু

তৃণমূল পর্যায়ে ক্রিকেটের উন্নয়ন ও তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার স্বীকৃতি পেয়েছেন চাঁদপুরের শাহরাস্তির ক্রীড়া সংগঠক সাদ্দাম হোসেন মিঠু। ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন শাহরাস্তি ক্রিকেট একাডেমির এই প্রতিষ্ঠাতা।
শনিবার (১৭ অক্টোবর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন মিঠু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এবার আটটি বিভাগে ১৫ তরুণ-তরুণীকে এই সম্মাননা দেওয়া হয়েছে।
দীর্ঘদিন ধরে শাহরাস্তিতে ক্রিকেটের প্রসারে কাজ করছেন মিঠু। তার প্রতিষ্ঠিত একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়ে বেশ কয়েকজন ক্রিকেটার ঢাকার বিভিন্ন ক্লাবে খেলার সুযোগ পেয়েছেন। পাশাপাশি ২০২৩ সাল থেকে শাহরাস্তি প্রিমিয়ার লিগ (এসপিএল) আয়োজন করছেন তিনি। এই প্রতিযোগিতায় সাবেক জাতীয় অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও পেসার মোহাম্মদ সাইফউদ্দিনের উপস্থিতিও নজর কেড়েছে।
পুরস্কার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মিঠু বলেন, ‘এটি আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত, যা আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে।’ এই স্বীকৃতি ভবিষ্যতে আরও বড় পরিসরে তরুণদের নিয়ে কাজ করতে অনুপ্রাণিত করবে বলেও জানান তিনি।
-e4f2a4.webp)
