logo

লিটনের বদলে অন্য পতাকাবাহক চেয়েছিল বিওএ

লিটনের বদলে অন্য পতাকাবাহক চেয়েছিল বিওএ
লিটন দাস। ছবি: বিসিবি

ক্রিকেটে পদক জয়ের প্রত্যাশা থেকে এশিয়ান গেমসের সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকাবাহক হিসেবে লিটন দাসকে বেছে নেওয়া হয়েছিল। পরে সেই সিদ্ধান্ত বদলাতে চেয়েও পারেনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। বিকল্প হিসেবে অন্য দুজনের নাম পাঠানো হলেও শেষ মুহূর্তে সাড়া মেলেনি।

রোববার (৪ অক্টোবর) সমাপনী অনুষ্ঠানের আগে প্রকাশিত ঢাকা পোস্টের এক প্রতিবেদনে বিষয়টি জানান বিওএ মহাসচিব জোবায়েদুর রহমান রানা।

রানা বলেন, ‘আমরা অলিম্পিক কাউন্সিল অফ এশিয়াকে অন্য দুটো নামও দিয়ে অনুরোধ করেছিলাম নাম পরিবর্তনের।’ তবে তার ভাষ্য, শেষ মুহূর্ত পর্যন্ত ওই অনুরোধের বিষয়ে কিছু জানানো হয়নি। ফলে লিটনকে পতাকাবাহক রাখার সিদ্ধান্তই বহাল থাকে।

লিটনকে কেন এই দায়িত্বের জন্য বেছে নেওয়া হয়েছিল, তার ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ দলের শেফ দ্য মিশন মেজর ইমরোজ আহমেদ। তিনি জানান, ক্রিকেটে পদক পাওয়ার আশা থেকেই অধিনায়ককে মনোনীত করা হয়। কয়েক দিন আগেই আয়োজকদের কাছে নাম পাঠানো হয়েছিল এবং মনোনয়নের প্রক্রিয়াও চূড়ান্ত হয়ে গিয়েছিল।

কিন্তু মাঠে সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশের পুরুষ ক্রিকেট দল। পাকিস্তানের কাছে সেমিফাইনালে হারের পর ব্রোঞ্জের লড়াইয়েও শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হারে বাংলাদেশ। ১০২ রানে অলআউট হয়ে পদক জয়ের শেষ সুযোগটিও হারায় দল।

অধিনায়ক লিটনের ব্যাটেও রান ছিল না। পাকিস্তানের বিপক্ষে ২ রান করার পর শ্রীলঙ্কার বিপক্ষে আউট হন শূন্য রানে। দুই ম্যাচ মিলিয়ে তার সংগ্রহ মাত্র ২ রান।