logo

সাংবাদিকের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় লিটনের, উঠল পদত্যাগের প্রসঙ্গ

সাংবাদিকের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় লিটনের, উঠল পদত্যাগের প্রসঙ্গ
লিটন দাস। পুরোনো ছবি

এশিয়ান গেমসে পদক জয়ের লক্ষ্য নিয়ে গিয়েছিল বাংলাদেশ। ফিরতে হচ্ছে শূন্য হাতে। পাকিস্তানের কাছে সেমিফাইনালে হারের পর ব্রোঞ্জের লড়াইয়ে শ্রীলঙ্কার দ্বিতীয় সারির দলের কাছেও ৬৩ রানে হেরেছে লিটন দাসের দল। সেই ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠতেই ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে একপর্যায়ে সাংবাদিকদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন বাংলাদেশ অধিনায়ক।

পদত্যাগের প্রসঙ্গ উঠলে শুরুতে অবশ্য শান্তভাবেই উত্তর দেন লিটন। তার ভাষায়, ক্রিকেটে উত্থান-পতন থাকেই এবং একটি-দুটি খারাপ ম্যাচের পর পদত্যাগের প্রশ্ন আসে না।

লিটন বলেন, ‘না, রিজাইন করতে চাই না। ক্রিকেটে আপস অ্যান্ড ডাউনস থাকে। একদিন ভালো হবে, একদিন খারাপ হবে। এখানে রিজাইনের তো কিছু নেই।’

তবে বাংলাদেশের পারফরম্যান্স, ক্রিকেটারদের দায়বদ্ধতা এবং দেশের মানুষের প্রত্যাশা নিয়ে প্রশ্ন বাড়তে থাকলে কথোপকথনের সুরও পাল্টে যায়।

সাংবাদিকদের মধ্যে একজন বলেন, এত দূর থেকে সাংবাদিকেরা দলকে অনুসরণ করছেন এবং দেশের মানুষ এমন পারফরম্যান্সে কষ্ট পেয়েছেন। তখন লিটন পাল্টা বলেন, ‘আপনি অলরেডি লেখার জন্য অনেক কিছু বলে দিয়েছেন। নিজে নিজে লিখে দিয়েন, সমস্যা নেই।’

এরপর আরেক পর্যায়ে প্রশ্ন আসে, ‘একটা দেশ কি আপনার কাছে এত ছোট?’

এতে লিটন বলেন, ‘আমি কী করব তাহলে? আমি কী করব? আচ্ছা, কী করব বলেন?’

পদত্যাগের প্রসঙ্গ আবার উঠলে অনেকটা বিরক্ত হয়েই বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘পদত্যাগ করে দিব? আচ্ছা, এশিয়ান গেমস থেকে পদত্যাগ করলাম। দয়া করে পরের প্রশ্ন।’

বাংলাদেশের ব্যর্থতার দায় অবশ্য এড়িয়ে যাননি লিটন। তিনি স্বীকার করেছেন, দল ভালো ক্রিকেট খেলতে পারেনি।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ নিয়ে তার ব্যাখ্যা, প্রথম আট ওভারে বাংলাদেশ ভালো বোলিং করেছিল। এরপর থারিন্দু রাত্নায়েকের ব্যাটিং ম্যাচের চিত্র বদলে দেয়।

লিটন বলেন, ‘আমার কাছে মনে হয়েছে প্রথম আট ওভার খুবই ভালো বোলিং করেছি। এরপর একজন ব্যাটার এসে যে রকম শট খেলেছে এই উইকেটে, খুবই কঠিন। সে অসাধারণ ব্যাটিং করায় আমাদের বোলাররা কোনো পথ খুঁজে পায়নি কীভাবে ফিরে আসবে। তাকে কৃতিত্ব দিতেই হবে।’

৩২ বলে ৬৫ রান করেন রাত্নায়েকে। তার ইনিংসে ছিল ৭টি চার ও ৫টি ছক্কা। একসময় ২১ রানে ৪ উইকেট হারানো শ্রীলঙ্কা তাঁর ঝড়েই শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৬৫ রান তোলে।

জবাবে বাংলাদেশ গুটিয়ে যায় ১০২ রানে।

লিটন বলেন, ‘আমরা যখন ব্যাটিংয়ে গিয়েছি, কোনোভাবেই ওটা সামাল দিতে পারিনি। ব্যাটিংয়ে আমরা আজ প্রত্যাশিত মানে ছিলাম না।’

এশিয়ান গেমসে গত তিন আসরেই পুরুষ ক্রিকেট থেকে কোনো না কোনো পদক পেয়েছিল বাংলাদেশ। এবার সেই ধারাও ভেঙেছে।

এ নিয়ে লিটন বলেন, ‘ব্রোঞ্জ জিততে না পারায় খারাপ লাগছে। এখানে ফাইনালের লক্ষ্য নিয়ে এসেছিলাম। সেটা যখন হয়নি, তারপর আরেকটা সুযোগ ছিল। সেই সুযোগটাও আমরা হাতছাড়া করেছি।’

সংবাদ সম্মেলনে আরেকটি বড় প্রসঙ্গ ছিল টিম ম্যানেজমেন্টকে না জানিয়ে তিন ক্রিকেটারের বাইরে যাওয়া। সাইফ হাসান, তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেনের বিরুদ্ধে অনুমতি ছাড়া অন্য শহরে যাওয়ার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে প্রশ্ন করলে সতীর্থদের পক্ষ নেন লিটন।

তিনি বলেন, ‘একজন খেলোয়াড় কি সারাদিন রুমের ভেতর বন্দি হয়ে থাকবে? এখানের খাবার-দাবারে যখন একটা খেলোয়াড়ের প্রয়োজন মিটছে না, তখন তাকে তো বাইরে যেতে হবে। খেতে চাইলে বাইরে যেতে হবে।’

অনুশীলনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকার কথাও তুলে ধরেন বাংলাদেশ অধিনায়ক।

লিটনের ভাষায়, ‘আমাদের কাছে যদি অনুশীলনের সুযোগ থাকত, তাহলে হয়তো আপনারা আমাদের মাঠেই দেখতেন। কিন্তু এখানে সেই সুযোগ নেই।’

তখন এক সাংবাদিক পাল্টা বলেন, পাকিস্তান ও শ্রীলঙ্কাও তো একই পরিস্থিতিতে খেলেছে। তারাও একই ধরনের অনুশীলন-সুবিধার ঘাটতির মধ্যে ছিল।

এর উত্তরে লিটন বলেন, দুটি বিষয় আলাদা। তিনি বাইরে যাওয়া নিয়ে প্রশ্নের জবাব দিচ্ছিলেন, দলের পারফরম্যান্সের ব্যাখ্যা নয়।

এরপর অবশ্য নিজের বক্তব্য পরিষ্কার করে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা ভালো ক্রিকেট খেলিনি। আমি দায় স্বীকার করছি। বাংলাদেশ দল হিসেবে আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি।’