logo

জন্মদিনে মেয়েকে সেঞ্চুরি উপহার দিলেন লিটন

জন্মদিনে মেয়েকে সেঞ্চুরি উপহার দিলেন লিটন
লিটন দাস। ছবি: কোলাজ

মেয়ের জন্মদিন, অথচ বাবা আছেন হাজার মাইল দূরে। তিন বছর আগে ঠিক এই দিনেই ঘর আলো করে এসেছিল ছোট্ট রাজকন্যা। এবার তার তৃতীয় জন্মদিনে পাশে থাকতে পারেননি লিটন দাস। জাতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় ব্যস্ত বাংলাদেশের এই উইকেটকিপার ব্যাটার। তবে দূরে থেকেও মেয়ের বিশেষ দিনটি স্মরণীয় করে রাখলেন তিনি।

জোহানেসবার্গ টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়ে সেটি উৎসর্গ করলেন মেয়েকে। শতক পূর্ণ করেই পকেট থেকে বের করলেন ছোট্ট একটি কাগজ। সেখানে লেখা, ‘Happy Birthday to my Princess. This 100 is for you!’ অর্থাৎ, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা। এই সেঞ্চুরি তোমার জন্য।’

সোমবার (১৬ নভেম্বর) জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে এই আবেগঘন মুহূর্তের জন্ম দেন লিটন। আগের দিন ৯২ রানে অপরাজিত থাকা এই ডানহাতি ব্যাটার দিনের চতুর্থ ওভারে পৌঁছে যান তিন অঙ্কে। মার্কো ইয়ানসেনের করা ইনিংসের ৮৮তম ওভারের পঞ্চম বলে চার মেরে শতক পূর্ণ করেন তিনি।

সেঞ্চুরি পাওয়ার পরই ব্যতিক্রমী উদ্‌যাপন করেন লিটন। ব্যাট তুলে দর্শকদের অভিবাদনের জবাব দেওয়ার পাশাপাশি পকেট থেকে বের করেন আগে থেকেই লিখে রাখা একটি কাগজ। সেটি তুলে ধরেন ক্যামেরার সামনে। সেখানে মেয়ের জন্মদিনের শুভেচ্ছার সঙ্গে লেখা ছিল শতক উৎসর্গ করার বার্তা।

ক্রিকেট মাঠে সেঞ্চুরি উদ্‌যাপনের দৃশ্য নতুন নয়। কেউ ব্যাট উঁচিয়ে দর্শকদের অভিবাদন জানান, কেউ আকাশের দিকে তাকিয়ে প্রিয়জনকে স্মরণ করেন। কিন্তু লিটন যেন নিজের উদ্‌যাপনটাকে একটু অন্যভাবেই সাজিয়ে রেখেছিলেন। মেয়ের জন্মদিনে ব্যাট হাতে তিন অঙ্কে পৌঁছানোর পর গোটা ক্রিকেটবিশ্বকে জানিয়ে দিলেন, এই অর্জন তার ছোট্ট রাজকন্যার জন্য।

২০২৩ সালের ১৬ নভেম্বর প্রথমবারের মতো বাবা হয়েছিলেন লিটন। রাজধানী ঢাকার একটি হাসপাতালে তার স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা জন্ম দেন কন্যাসন্তানের। সেদিন সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ের জন্মের খবর জানিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের এই ক্রিকেটার। মা ও সন্তান সুস্থ থাকার খবর দিয়ে সবার কাছে দোয়াও চেয়েছিলেন তিনি।

সেই ঘটনার ঠিক তিন বছর পর একই দিনে আরেকটি স্মরণীয় মুহূর্ত পেলেন লিটন। এবার অবশ্য ঘরের আনন্দ ভাগাভাগি করার সুযোগ নেই। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট ম্যাচ খেলতে হচ্ছে তাকে। তবে মেয়েকে দেওয়া জন্মদিনের উপহারটা হলো ক্রিকেট মাঠ থেকেই।

অবশ্য এই সেঞ্চুরির পথ মোটেও সহজ ছিল না। আগের দিন জোহানেসবার্গে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বড় বিপদে পড়ে বাংলাদেশ। ম্যাচের প্রথম বলেই অভিষিক্ত মাহফিজুল ইসলাম রবিনকে ফিরিয়ে দেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। এরপর মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সাজঘরে পাঠিয়ে মাত্র ২২ রানে বাংলাদেশের ৩ উইকেট তুলে নেন তিনি।

সেখান থেকে তানজিদ হাসান তামিম ও তাওহিদ হৃদয়ের ৯৯ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। কিন্তু ৬৭ রান করা তামিমকে ফেরানোর পরের বলেই মুশফিকুর রহিমকে শূন্য রানে বিদায় করেন রাবাদা। ১২১ রানে ৫ উইকেট হারিয়ে আবারও বড় বিপর্যয়ের মুখে পড়ে সফরকারীরা।

এমন কঠিন পরিস্থিতিতেই হৃদয়ের সঙ্গে জুটি বাঁধেন লিটন। রাবাদার গতির সঙ্গে সামলে নিতে হয় মার্কো ইয়ানসেনের বাউন্সও। শুরুতে কিছুটা সতর্ক থাকলেও সময়ের সঙ্গে আত্মবিশ্বাসী হয়ে ওঠেন দুই ব্যাটার। তাঁদের দৃঢ়তায় ধীরে ধীরে বদলে যায় ম্যাচের চিত্র।

ষষ্ঠ উইকেটে দুজন যোগ করেন ২০৬ রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে যেকোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি এটি। ২২৭ বলে ১৪টি চার ও একটি ছক্কায় ১৩৭ রান করেন হৃদয়। তবে প্রথম দিনের শেষ বলে ইয়ানসেনের শিকার হয়ে ফিরতে হয় তাঁকে।

অন্যদিকে ১৩৮ বলে ৯২ রান নিয়ে অপরাজিত থেকে দিন শেষ করেন লিটন। বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৩২৭ রান। তাতেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের আগের সর্বোচ্চ টেস্ট ইনিংসের রেকর্ড ছাড়িয়ে যায় বাংলাদেশ। ২০১৫ সালে চট্টগ্রামে করা ৩২৬ রান ছিল এর আগের সর্বোচ্চ।

সেঞ্চুরির ওভার শেষে ৬ উইকেটে ৩৪২ রান ছিল বাংলাদেশের সংগ্রহ। ১৫৫ বলে ১০২ রানে অপরাজিত ছিলেন লিটন।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট