logo

জামালপুরে কিশোরীকে ধর্ষণ, ১৬ বছর পর যুবকের ১০ বছরের কারাদণ্ড

জামালপুরে কিশোরীকে ধর্ষণ, ১৬ বছর পর যুবকের ১০ বছরের কারাদণ্ড
কালো টি-শার্ট পরা ব্যক্তি ধর্ষণ মামলায় দণ্ডপ্রাপ্ত। ছবি: এশিয়া পোস্ট

জামালপুর সদর উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় করা মামলায় ১৬ বছর পর মো. সোহেল নামে এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ২০১০ সালে করা মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এ রায় ঘোষণা করা হয়।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত সোহেল জামালপুর সদর উপজেলার চর জালালের পাড়া গ্রামের মো. সুলতান আহম্মেদের ছেলে।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, চর জালালের পাড়া গ্রামের ওই কিশোরীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন তার প্রতিবেশী সোহেল। এরই ধারাবাহিকতায় ২০১০ সালের ২৩ ডিসেম্বর রাত ৮টার দিকে কিশোরী বাড়ি থেকে বের হলে নানা কৌশলে তাকে নিজেদের বাড়ির রান্নাঘরে নিয়ে ধর্ষণ করেন সোহেল। পরে দীর্ঘ সময় কিশোরীকে বাড়িতে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাতে কিশোরীকে সোহেলের সঙ্গে একসঙ্গে দেখতে পান তারা।

এ ঘটনায় ২০১০ সালের ২৫ ডিসেম্বর ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে জামালপুর থানায় মামলা করেন। মামলায় রাষ্ট্রপক্ষের ৯ জন সাক্ষী এবং আসামিপক্ষের দুজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর পাবলিক প্রসিকিউটর মো. দিদারুল ইসলাম দিদার বলেন, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দিয়েছেন। রাষ্ট্রপক্ষ মামলাটি প্রমাণে প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করেছে। আদালতের এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

কালো টি-শার্ট পরা ব্যক্তি ধর্ষণ মামলায় দণ্ডপ্রাপ্ত। ছবি: এশিয়া পোস্ট