logo

এস আলমের কারখানা চালুর দাবিতে চট্টগ্রামে শ্রমিকের বিক্ষোভ

এস আলমের কারখানা চালুর দাবিতে চট্টগ্রামে শ্রমিকের বিক্ষোভ
এস আলম গ্রুপের বন্ধ কলকারখানা খুলে দিতে শ্রমিকদের বিক্ষোভ। ছবি: এশিয়া পোস্ট

এস আলম গ্রুপের অন্তর্ভুক্ত সব বন্ধ কলকারখানা অবিলম্বে খুলে দেওয়া এবং চাকরিচ্যুত হাজার হাজার শ্রমিক-কর্মকর্তার কর্মসংস্থান ফিরিয়ে দেওয়ার দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকরা।

সোমবার (১৬ নভেম্বর) সকালে শ্রমিকেরা মিছিল নিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেন তারা।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলীর মইজ্জারটেক এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি শাহ আমানত সেতু অতিক্রম করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সমবেত হয়। পরে শ্রমিকদের একটি প্রতিনিধিদল চট্টগ্রামের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করেন।

স্মারকলিপি ও শ্রমিকদের সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর ব্যাংকগুলোর অসহযোগিতা এবং ঋণ ও ব্যবসায়িক হিসাব বন্ধ করে দেওয়ায় চলতি মূলধন ও কাঁচামালের সংকটে এস আলম সুগার মিলসহ গ্রুপের বিভিন্ন কারখানা বন্ধ হয়ে যায়। দীর্ঘ আড়াই বছর ধরে কারখানাগুলো বন্ধ থাকায় চাকরি হারিয়ে হাজার হাজার শ্রমিক পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

এ সময় শ্রমিকেরা অবিলম্বে সরকারের হস্তক্ষেপ কামনা করে পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- বন্ধ সব কারখানা খুলে দেওয়া, আগে কর্মরত শ্রমিকদের কাজে পুনর্বহাল ও ছাঁটাই বন্ধ করা, ব্যাংক ও ঋণ হিসাবের জটিলতা নিরসন করে পর্যাপ্ত চলতি মূলধনের জোগান নিশ্চিত করা, রাজনৈতিক কারণে কোনো শিল্পকারখানা বন্ধ না করা এবং এক সপ্তাহের মধ্যে সরকার, মালিক ও শ্রমিকপক্ষের সমন্বয়ে ত্রিপক্ষীয় বৈঠক আহ্বান করা।

এস আলম গ্রুপের চাকরিহারা শ্রমিক-কর্মকর্তাদের পক্ষে স্মারকলিপিতে স্বাক্ষর করেন ফোরকান বাবু, হারুন উর রশিদ, নুরুল আবছার, মনসুর মিয়া ও রফিউল কাদের।

এস আলমের হেড অফিসের অ্যাকাউন্টস অফিসার ফোরকান বাবু এশিয়া পোস্টকে বলেন, শুধু মইজ্জারটেকেই এস আলমের ১০টি কারখানা বন্ধ রয়েছে। ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকার গ্রুপের অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে দেয়। এরপরও অনেক দিন মালিক খরচ চালিয়ে নেন। একপর্যায়ে কাঁচামাল সরবরাহ বন্ধ হয়ে গেলে বাধ্য হয়ে কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়।

তিনি আরও বলেন, আমরা দীর্ঘদিন ধরে বেকার। আর পারছি না। তাই কারখানা চালুর বিষয়ে সরকারের সহযোগিতা চাই। ডিসি মহোদয় আমাদের কথা শুনেছেন। তিনি বলেছেন, সরকারের উচ্চপর্যায়ে এ বিষয়ে কথা বলবেন।

এ বিষয়ে জানতে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার মুঠোফোনে কল করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।