এশিয়ান গেমসে আয়োজকদের ভুলে বিপাকে পাকিস্তান

এশিয়ান গেমসে ম্যাচ খেলতে গিয়ে অদ্ভুত পরিস্থিতির মুখে পড়েছে পাকিস্তান পুরুষ ভলিবল দল। আয়োজকদের দেওয়া বাস তাদের নিয়ে যায় ভুল ভেন্যুতে। সময় বাঁচাতে শেষ পর্যন্ত চলন্ত বাসেই ম্যাচের পোশাক বদলাতে হয়েছে খেলোয়াড়দের।
উজবেকিস্তানের বিপক্ষে পুল ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ঘটে এই ঘটনা। পাকিস্তান দলকে নিয়ে বাসটির যাওয়ার কথা ছিল ওকাজাকি চুও সোগো পার্ক জিমনেসিয়ামে। কিন্তু চালক ভুল করে দলকে নিয়ে যান প্রায় এক ঘণ্টা দূরের অন্য একটি ভলিবল ভেন্যুতে।
ভুল বুঝতে পারার পর সঠিক ভেন্যুতে যেতে দেরি হয়ে যায় পাকিস্তানের। আয়োজকেরা পরে ম্যাচ শুরুর সময় ৪৫ মিনিট পিছিয়ে দেয়। যথাযথ প্রস্তুতি ও ওয়ার্ম-আপের সময়ও পায়নি দলটি।
বাসে বসেই ঘটনার ভিডিও করেন পাকিস্তান অধিনায়ক মুরাদ জেহান। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আমাদের খুব গুরুত্বপূর্ণ ম্যাচ, অথচ বাসচালকই জানেন না কোন জিমনেসিয়ামে আমাদের খেলা।’
তিনি আরও বলেন, ভুল ভেন্যুতে চলে যাওয়ায় হাতে সময় ছিল না। পরিস্থিতিটিকে ‘বিব্রতকর’ আখ্যা দিয়ে মুরাদ বলেন, জাপানে এমন কিছু তারা প্রত্যাশা করেননি।
সময় এতটাই কমে গিয়েছিল যে, সঠিক ভেন্যুর পথে চলন্ত বাসেই কয়েকজন খেলোয়াড় ম্যাচের পোশাক পরে নেন। মুরাদের অভিযোগ, এটি এবারের গেমসে অ্যাথলেটদের মুখোমুখি হওয়া একমাত্র ব্যবস্থাপনাগত সমস্যা নয়। অনুশীলনের পর খাবার না পাওয়ার অভিযোগও করেছেন তিনি।
এত ঝামেলার পরও অবশ্য মাঠের খেলায় প্রভাব পড়তে দেয়নি পাকিস্তান। উজবেকিস্তানকে সরাসরি ৩-০ সেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয় তারা।
আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পরিবহন ও আবাসন ব্যবস্থা নিয়ে এর আগেও একাধিক অভিযোগ উঠেছে। বাস সময়মতো না আসা কিংবা ভুল জায়গায় নিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে আরও কয়েকটি দলের সঙ্গে। শনিবার গেমসের প্রধান আয়োজকও বিভিন্ন ব্যবস্থাপনাগত সমস্যার জন্য ক্ষমা চেয়েছিলেন। প্রায় দুই হাজার অতিরিক্ত খেলোয়াড় ও কর্মকর্তার দেরিতে অন্তর্ভুক্তিকে সমস্যার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
