logo
Advertisement

চা-বিরতির পর জোড়া আঘাত, মিরপুরে বাংলাদেশের স্বস্তি

এশিয়া পোস্ট ডেস্ক
চা-বিরতির পর জোড়া আঘাত, মিরপুরে বাংলাদেশের স্বস্তি
সালমান আগাকে ফিরিয়ে তাসকিনের উল্লাস। ছবি: সংগৃহীত

মিরপুর টেস্টে শেষ বিকেলের রোমাঞ্চ আরও ঘনীভূত হলো। চা-বিরতিতে ৩ উইকেটে ১১৬ রান নিয়ে স্বস্তিতেই ছিল পাকিস্তান। কিন্তু বিরতি শেষে দ্রুত দুই উইকেট তুলে নিয়ে ম্যাচের লাগাম আবার নিজেদের দিকে টেনে নিয়েছে বাংলাদেশ। ২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের সংগ্রহ এখন ৫ উইকেটে ১২২ রান। জিততে এখনও তাদের দরকার ১৪৬ রান।

Advertisement

চা-বিরতির পর প্রথম আঘাতটি করেন তাইজুল ইসলাম। পাকিস্তানের ইনিংস ধরে রাখা অভিষিক্ত আবদুল্লাহ ফজলকে এলবিডব্লিউ করেন তিনি। আম্পায়ার শুরুতে আউট দেননি। তবে বাংলাদেশ রিভিউ নিলে বল ট্র্যাকিংয়ে দেখা যায়, বল লেগ স্টাম্পে আঘাত করত। সিদ্ধান্ত বদলে যায়, আর ১১৩ বলে ১১ চারে ৬৬ রান করে ফিরতে হয় ফজলকে।

এই উইকেট বাংলাদেশের জন্য ছিল বড় স্বস্তির। প্রথম ইনিংসে ৬০ রান করা ফজল দ্বিতীয় ইনিংসেও পাকিস্তানের ভরসা হয়ে উঠেছিলেন। চা-বিরতির আগে মেহেদী হাসান মিরাজের এক বল তার ব্যাট-প্যাডের ফাঁক গলে বেইলে লাগলেও বেইল না পড়ায় জীবন পেয়েছিলেন তিনি। সেই সুযোগ কাজে লাগিয়ে পাকিস্তানকে জয়ের পথে রাখছিলেন এই বাঁহাতি ব্যাটার।

ফজলের পর দ্রুত ফিরেছেন সালমান আগাও। তাসকিন আহমেদের ব্যাক অব লেংথ ডেলিভারিতে গালিতে শাদমান ইসলামের হাতে ক্যাচ দেন তিনি। ৩৯ বলে ২৬ রান করে সালমান ফেরার পর পাকিস্তান নেমে যায় ৫ উইকেটে ১২১ রানে।

এদিকে বাংলাদেশও শুরুটা পেয়েছিল প্রায় আদর্শভাবে। ইনিংসের প্রথম ওভারেই ইমাম-উল-হককে ফিরিয়ে দেন তাসকিন। লাঞ্চের পর মিরাজ বোল্ড করেন আজান আওয়াইসকে। এরপর নাহিদ রানার গতিতে কট বিহাইন্ড হন শান মাসুদ। চা-বিরতির আগে পাকিস্তান ৩ উইকেটে ১১৬ রানে থাকলেও শেষ সেশনের শুরুতেই তাইজুল-তাসকিনের আঘাতে ম্যাচের পাল্লা বদলে যায়।

মিরপুরের পঞ্চম দিনের উইকেটে বল নিচু হচ্ছে, আবার কখনো হঠাৎ লাফাচ্ছেও। স্পিনাররা টার্ন পাচ্ছেন, পেসাররাও ব্যাক অব লেংথ থেকে অস্বস্তি তৈরি করছেন। হাতে ৫ উইকেট নিয়ে পাকিস্তানের দরকার এখনও ১৪৬ রান। বাংলাদেশের দরকার আরও ৫ উইকেট।

বিষয় :